শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় কোল্ডস্টোর থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গায় কোল্ডস্টোর থেকে কর্মচারীর মরদেহ উদ্ধার

চুয়াডাঙ্গার জীবননগরের জাহান মাল্টিপারপাস কোল্ড স্টোরেজ থেকে তুষার মন্ডল (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত তুষার মন্ডল মেহেরপুর জেলার গাংনী উপজেলার যোগিন্দা গ্রামের লাবণ মন্ডলের ছেলে। তিনি ওই কোল্ড স্টোরেজে কর্মরত ছিলেন।

সহকর্মী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত তুষার মন্ডল ও তার সহকর্মী মফিজুল হক (৪২) একসঙ্গে দায়িত্ব পালন করছিলেন। রাতের দিকে মফিজুল হকের চোখে গ্যাস লাগলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এ সময় তুষার তাকে বিশ্রাম নিতে বলেন এবং নিজেই দায়িত্ব পালন করতে থাকেন।

পরবর্তীতে ভোর সাড়ে ৪টার দিকে মফিজুল হক ঘুম থেকে উঠে তুষারকে না পেয়ে কোল্ড স্টোরেজের ভেতরে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে সকাল ৭টার দিকে কোল্ড স্টোরেজের পূর্ব পাশে ছাদের নিচে তুষার মন্ডলকে পড়ে থাকতে দেখে তাকে মৃত অবস্থায় শনাক্ত করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাটাহাটির সময় ছাদ থেকে পড়ে তার মৃত্যু হয়েছে। তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওএনবি/আরএইচ/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন