চুয়াডাঙ্গায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে খোরশেদ আলম (৬০) নামের এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। আটক খোরশেদ আলম চুয়াডাঙ্গা পৌর এলাকার জীবননগর বাসস্ট্যান্ডপাড়ার মৃত আক্কাস আলীর ছেলে। বর্তমানে সিঅ্যান্ডবিপাড়ার বসিন্দা।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে স্থানীয়রা আটক করে খোরশেদ আলম পুলিশের কাছে হস্তান্তর করে। এ ঘটনায় শুক্রবার রাতেই ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে চুয়াডাঙ্গা সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্থানীয় ও পুলিশ জানিয়েছে, গত ১১ এপ্রিল সকালে প্রতিবেশীর এক বাড়িতে কৌশলে দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীকে ডেকে নেন অভিযুক্ত খোরশেদ আলম। এ সময় ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করেন। ধস্তাধস্তির একপর্যায়ে শিশুটি পালিয়ে বাড়ি চলে যায়। বাড়ি গিয়ে ঘটনা তার পরিবারকে জানায়।

এরপর অভিযুক্ত খোরশেদ আলম ভয়ভীতি ও টাকার প্রলোভন দেখিয়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। শুক্রবার রাতে বিষয়টি স্থানীয়রা জানলে অভিযুক্ত খোরশেদ আলমকে আটক করে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দেন। পরে চুয়াডাঙ্গা সদর থানার একটি টিম খোরশেদকে আটক করে থানা হেফাজতে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। তাকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ শনিবার বিজ্ঞ আদালতে পাঠানো হবে।



