ঢাকা: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগবিরোধী বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মিছিল-পরবর্তী এক ঘটনায় সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে।
মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ধানমন্ডি জোনের উদ্যোগে মিছিলটি ধানমন্ডি ৩২ নম্বর সিগন্যাল থেকে শুরু হয়ে ধানমন্ডি ২৭ নম্বর মোড় ঘুরে একই এলাকায় এসে শেষ হয়।
মিছিলে ধানমন্ডি থানা জামায়াতের আমির মুস্তাফিজুর রহমান, সেক্রেটারি মুজাহিদুল ইসলাম শাহিন, কর্মপরিষদ সদস্য আনিসুজ্জামান, কলাবাগান থানা জামায়াতের আমির জাহিনুর রহমানসহ অন্য নেতারা অংশ নেন।

মিছিল শেষে ব্রিফিং চলাকালে সাংবাদিকদের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় কয়েকজন সাংবাদিককে আওয়ামী লীগের দোসর বলে আখ্যা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
পরে দৈনিক সকালের প্রতিবেদক মাহফুজুর রহমান শিশিরের ওপর হামলার ঘটনা ঘটে। এতে তিনি আহত হন। তার মুখ দিয়ে রক্ত পড়তে দেখা যায়। পরে উপস্থিত সাংবাদিকেরা তাকে উদ্ধার করে বাংলাদেশ মেডিকেলে নিয়ে যান।
ঘটনার বিষয়ে ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদের সদস্য মুজিবুর রহমান খান সাংবাদিকদের বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। কর্মসূচির মধ্যে বহিরাগত কেউ ঢুকে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
এদিকে সকাল থেকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ, র্যাব, গোয়েন্দা পুলিশ (ডিবি) ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, এলাকার প্রবেশপথ ব্যারিকেড দিয়ে নিয়ন্ত্রণ করা হয়েছে এবং জনসাধারণের চলাচলে কড়াকড়ি আরোপ করা হয়েছে।
নিরাপত্তার দায়িত্বে থাকা এক সদস্য বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তারা সতর্ক রয়েছেন।
আরপি/এনডি/এএস



