চুয়াডাঙ্গার জীবননগরে ঘুমন্ত অবস্থায় শ্বাসনালীতে বুকের দুধ আটকে জুনায়েদ নামে আট মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার আন্দুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুনায়েদ একই গ্রামের জিহাদের ছেলে।
পারিবারিক জানা গেছে, মঙ্গলবার দিবাগত রাতে ঘুমন্ত অবস্থায় শিশুটির মা বুকের দুধ খাওয়ায়। শিশুটি বুকের দুধ খেতে খেতে শ্বাসনালীতে আটকে যায়। পরে দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।

জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার এস,কে সাইমুম সৈকত জানান,“শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার সময়ই আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে আনার প্রায় দেড় থেকে দুই ঘণ্টা আগেই তার মৃত্যু হয়েছে। শিশুটির শ্বাসনালীতে দুধ আটকে গিয়ে শ্বাসপ্রশ্বাস বন্ধ হয়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।”
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ বলেন, ওই ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ,আর,ডাবলু/জেএন



