চুয়াডাঙ্গার জীবননগরে সড়কে পড়ে ছিলো ৪৫ থেকে ৫০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর ক্ষতবিক্ষত মরদেহ। স্থানীয়দের ধারণা সড়ক দুর্ঘটনায় ওই নারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) ভোরে জীবননগর-কালীগঞ্জ মহাসড়কের হাসাদাহ ইউনিয়নের কন্দর্পপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি কয়েকদিন যাবত ভারসাম্যহীন ভাবে এদিক-ওদিক ঘুরে বেড়াতেন। পরে ভোরের দিকে স্থানীয়রা তার মৃতদেহ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।

খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে জীবননগর থানার ওসি সোলায়মান শেখ জানান ,বর্তমানে নিহত নারীর মরদেহ জীবননগর থানায় রয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এমআইএম/এএস



