চুয়াডাঙ্গার জীবননগর পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর বেলা ৩টায় পৌরসভা সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক (ভারপ্রাপ্ত) ইফতেখার রহমাননের সভাপতিত্বে জীবননগর পৌর এলাকার নাগরিক সেবা, সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন, পরিচ্ছন্নতা, অবকাঠামো উন্নয়নসহ জনসাধারণের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
পাশাপাশি নাগরিকদের দৈনন্দিন ভোগান্তি কমানো, পৌরসভার সেবা কার্যক্রমে সমন্বয় বাড়ানো এবং উন্নয়ন প্রকল্পগুলো কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় করেন কমিটির সদস্যরা। পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সমস্যা ও নাগরিকদের চাহিদা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের মধ্যে সমন্বয় আরও জোরদার করে জনসেবার মান উন্নত করার বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে পৌর প্রশাসক ইফতেখার রহমান বলেন, পৌর এলাকার নাগরিক সেবা আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নাগরিকদের সমস্যা চিহ্নিত করে তা দ্রুত সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
সভায় অন্যান্নদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন মোড়ল, সমবায় কর্মকর্তা নুর আলম, জীবননগর থানার পরিদর্শক (অপারেশন) অনুপ দাস ও স্যানিটারি ইন্সপেক্টর অজয় কুমার।
এছাড়া আরও উপস্থিত ছিলেন- শিক্ষক কাজী সালমা লাইজু, মঞ্জুয়ারা খাতুন, সাবেক মহিলা কাউন্সিলর মাহফুজা পারভীন বিউটি, শিক্ষক ইউসুফ আলী, আফতাব উদ্দিন, কাজী বাবলুর রহমান, শহর সমন্বয় কমিটির সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।
এমআইএম/এএস



