ঢাকা: ২০২৪ সালে জুলাই গণঅভ্যুত্থানে ১৪০০ শহিদের হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
বুধবার (১৫ জুলাই) রায়ের বাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে এ কথা বলেন চিফ প্রসিকিউটর।
তিনি বলেন, জুলাই আন্দোলনে একটি হাসপাতাল থেকে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেয়ার তথ্য পাওয়া গেছে, সে বিষয়ে তদন্ত চলছে। একইসঙ্গে এ ঘটনায় যারা জড়িত রয়েছে, তাদেরও বিচারের আওতায় আনা হবে।

চিফ প্রসিকিউটর বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জে জুলাইয়ে আন্দোলনে নিহতদের গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা।
আমিনুল ইসলাম বলেন, জাতিসংঘ ঘোষিত নিহতের সংখ্যা থেকে প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। যা উদঘাটনে তদন্ত করছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
তিনি বলেন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী জুলাই আন্দোলনে ১৪০০ জন শহীদ হয়েছেন। এর মধ্যে ৮৬৫ জনের ডিএন শনাক্ত করা হয়েছে। বাকিগুলোর কাজ চলমান রয়েছে।
তিনি আরও বলেন, জুলাইয়ের প্রত্যেকটি হত্যার বিচার করা হবে। হত্যাকাণ্ডের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের যারাই জড়িত থাকুক, কাউকে ছাড় দেওয়া হবে না।
ওএনবি/আরপি/এএস



