সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তবে কী জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

তবে কী জামায়াতে যোগ দিচ্ছেন সাদিক কায়েম

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ছাড়ার একদিন পরই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এরপরই চারদিকে আলোচনা, তবে কী জামায়াতে যোগ দিচ্ছেন তিনি?

মঙ্গলবার (১৪ জুলাই) জামায়াত আমিরের বাসভবনে তাদের মধ্যে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। পরে নিজের ফেসবুক আইডিতে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান সাদিক কায়েম।

তিনি লিখেছেন, দেশের জনস্বার্থসংশ্লিষ্ট সমসাময়িক নানা বিষয়ে আমরা আলোচনা করেছি। সাক্ষাৎকালে আমি জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণে ছাত্রসমাজ ও দেশবাসীর প্রত্যাশা তুলে ধরি এবং গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে, বিশেষ করে গণভোটের জনরায় বাস্তবায়নের আন্দোলন এবং সম্প্রতি রংপুরে তিস্তা বাঁচানোর দাবিতে সোচ্চার ভূমিকার জন্য ধন্যবাদ জানাই। পাশাপাশি চট্টগ্রামের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো ও তাদের দুর্দশা স্বচক্ষে দেখে কাজ করার উদ্যোগের জন্য বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানিয়েছি।

এদিকে জামায়াতের একাধিক সূত্র জানিয়েছে, গত মাসে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদের জন্য ডাকসুর ভিপি সাদিক কায়েমের নাম চূড়ান্ত করা হয়।

তবে বৈঠকে অংশ নেওয়া একাধিক জামায়াত নেতা জানিয়েছেন, দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ মজলিশে শুরার বৈঠকে প্রার্থী চূড়ান্ত করা হবে। এখন পর্যন্ত কেন্দ্রীয় জামায়াতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, শিবির তাদের সাংগঠনিক রীতি ও নিয়ম অনুযায়ী চলে। ছাত্রজীবন শেষ করলে, বিয়ে ও কর্মজীবনে প্রবেশ করলে শিবির থেকে বিদায় নেওয়ার রেওয়াজ আছে। সে কারণে সাদিক কায়েম বিদায় নিতে পারেন।

জামায়াতের মেয়র প্রার্থী হওয়ার জন্যই সাদিক কায়েম শিবির থেকে বিদায় নিলেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখা থেকে সাদিক কায়েমকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদের জন্য মনোনীত করা হয়েছে। কেন্দ্রীয় জামায়াতও এ বিষয়ে পজিটিভ। সময়–সুযোগমতো ঢাকা দক্ষিণসহ সব সিটি করপোরেশনের প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, যেহেতু সাদিক কায়েম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনে জামায়াতের মেয়র পদপ্রার্থী, সেহেতু, নিয়ম অনুযায়ী দলটিতে যোগ দিতে হবে। তাই তিনি ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায় নিয়েছেন।

ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা বলেন, সংগঠনের নিয়ম মেনে সাদিক কায়েম ছাত্রশিবিরের রাজনীতি থেকে ছুটিতে গিয়েছেন। এখন তিনি কী করবেন, সে বিষয়ে সিদ্ধান্ত তিনিই নেবেন। বলতে পারেন তিনি এখন স্বাধীন, তার মন চাইলে ব্যবসা করতে পারেন, চাকরি করতে পারেন, রাজনীতি করতে পারেন, বিদেশে চাকরি বা পড়তে যেতে পারেন; যা কিছু তিনি চান।

এ বিষয়ে জানতে চাইলে সাদিক কায়েম গণমাধ্যমকে বলেন, আমি নিয়মতান্ত্রিক উপায়েই সংগঠন থেকে ছুটি নিয়েছি। বাকিটা সময় বলে দেবে সামনে কী হবে।

এর আগে, সোমবার (১৩ জুলাই) বিকেলে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ছাত্রশিবিরের দায়িত্ব থেকে বিদায়ের কথা জানান সাদিক কায়েম।

উল্লেখ্য, ২০২৫ সালের ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ব্যানারে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করে ১৪ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হন সাদিক কায়েম।

ওএনবি/পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন