সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

তনু হত্যা: ১০ বছর পর গ্রেপ্তার আসামি ৩ দিনের রিমান্ড

তনু হত্যা: ১০ বছর পর গ্রেপ্তার আসামি ৩ দিনের রিমান্ড

কুমিল্লার বহুল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় ১০ বছর পর সন্দেহভাজন হিসেবে অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত হাফিজুরকে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

বুধবার (২২ এপ্রিল) বিকেলে কুমিল্লা সদর আমলি আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোমিনুল হক এ আদেশ দেন।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আসামিকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত তা মঞ্জুর করেন।

জানা গেছে, হাফিজুর রহমানকে তার বাসা থেকে গ্রেপ্তার করেন পিবিআইয়ের তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম। এর আগে গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা তিন সন্দেহভাজনের ডিএনএ নমুনা ক্রস-ম্যাচের অনুমতি চান। তারা হলেন- সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান এবং সৈনিক শাহিনুল আলম। তারা সবাই অবসরে আছেন।

পিবিআই ঢাকার তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, ঢাকা থেকে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে আদালতে উপস্থাপন করে রিমান্ড চান তিনি।

বহুল আলোচিত এ মামলায় এখন পর্যন্ত ৮০টি শুনানির দিন নির্ধারণ হয়েছে। গত এক দশকে চারটি সংস্থার সাতজন কর্মকর্তা মামলার তদন্ত করেছেন।

তনুর বাবা ইয়ার হোসেন বলেন, দীর্ঘ ১০ বছর ধরে আমরা বিচারহীনতার কষ্ট বয়ে বেড়াচ্ছি। আমরা প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আর যেন কোনো বাবা-মাকে এভাবে অপেক্ষা করতে না হয়।

এজে/এনডি/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন