আসন্ন দুর্গাপূজা, স্থানীয় সরকার নির্বাচন, ডেঙ্গু প্রতিরোধ, বৃক্ষরোপণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চুয়াডাঙ্গার দামুড়হুদায় আনসার ও ভিডিপির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দামুড়হুদা উপজেলা পরিষদের হলরুমে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় দামুড়হুদা উপজেলার দর্শনা পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার ও সহকারী আনসার কমান্ডার গণ অংশগ্রহণ করেন।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনসার-ভিডডিপি’র চুয়াডাঙ্গা জেলা কমান্ড্যান্ট মোহাম্মাদ রফিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম।

এ সময় উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আরাসহ উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন দুর্গাপূজায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আনসার ও ভিডিপি সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালন, সম্ভাব্য স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে কার্যকর ভূমিকা রাখার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা কমান্ড্যান্ট মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, আনসার ও ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় জনগণের সঙ্গে সমন্বয় করে কাজ করার এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে তিনি আসন্ন দুর্গাপূজাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জাতীয় ও সামাজিক কর্মকাণ্ডে আনসার-ভিডিপি সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অংশগ্রহণকারী দলনেতা-দলনেত্রী, কমান্ডার ও সহকারী কমান্ডাররা তাঁদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও কার্যক্রম তুলে ধরেন। পরে এসব বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সামগ্রিকভাবে, এ মতবিনিময় সভার মাধ্যমে আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় আরও জোরদার হওয়ার পাশাপাশি জননিরাপত্তা, সামাজিক সচেতনতা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁদের ভূমিকা আরও কার্যকর হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

অন্যদিকে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ উদযাপন করা হয়েছে।
কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ সঞ্জীবন প্লাটুনের অন্তর্ভুক্ত পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত ইউনিয়ন দলনেতা, দলনেত্রী, আনসার কমান্ডার, সহকারী আনসার কমান্ডার এবং ভিডিপি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণের বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করে।
এরপর দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করেন। তিনি পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব তুলে ধরে সকলকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপিত চারার যথাযথ পরিচর্যার প্রতি গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা প্রশিক্ষিকা এবং আনসার ও ভিডিপির বিভিন্ন পর্যায়ের সদস্য বৃন্দ।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উপস্থিত সকলেই পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ ও রোপিত চারার পরিচর্যার মাধ্যমে সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
বৃক্ষরোপণ কর্মসূচি ও র্যালির মাধ্যমে পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অঙ্গীকার ও কার্যক্রম আরও বেগবান হবে, এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
ইএআর/জেএন



