দিনাজপুর : দিনাজপুরে ট্রাকচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল ৯টায় ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ঘোড়াঘাট উপজেলার নুরপুর এলাকার আব্দুল মোশারফের ছেলে আল আমিন (১৫), মোখলেসপুর এলাকার সালিমুদ্দিনের ছেলে সৈকত (১৬) আফসারাবাদ কলোনি এলাকার সহমেষ উদ্দীনের ছেলে কাইয়ুম (২০)।
ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল ৯টার দিকে একই মোটরসাইকেলে থাকা ৩ আরোহী স্থানীয় সড়ক থেকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কে উঠছিলেন। এ সময় একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়।

তিনি আরও বলেন, মোটরসাইকেলের তিন আরোহীর একজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দুজনের মৃত্যু হয়। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করে ট্রাকের হেলপারকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরএইচ/এনডি/এএস



