সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দুই শতাব্দীর পুরোনো বুধহাটা বাজার এখন বেতনার পেটে, হুমকির মুখে কোটি টাকার বানিজ্য

দুই শতাব্দীর পুরোনো বুধহাটা বাজার এখন বেতনার পেটে, হুমকির মুখে কোটি টাকার বানিজ্য

সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার অন্যতম প্রধান ও ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র ‘বুধহাটা বাজার’ এখন বেতনা নদীর তীব্র ভাঙনে বিলীনের পথে। দুই শতাব্দীর পুরোনো এই গ্রামীণ মোকামটিতে প্রতি সপ্তাহে কোটি কোটি টাকার পণ্য কেনাবেচা হয়, যার ওপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জীবন-জীবিকা নির্বাহ করেন এই অঞ্চলের হাজারো মানুষ।

বিশেষ করে, প্রতি সপ্তাহের শুক্রবার এখানে বসে এই অঞ্চলের সবচেয়ে বড় পশুর হাট। অথচ বেতনা নদীর প্রবল স্রোতের তোড়ে বাজার সংলগ্ন প্রতিরক্ষা বাঁধ ধসে নদীগর্ভে চলে যাচ্ছে, যা পুরো বাজারটিকে এক চরম অস্তিত্ব সংকটের মুখে দাঁড় করিয়েছে।

​স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের অভিযোগ অত্যন্ত গুরুতর। তাদের মতে, সম্প্রতি অপরিকল্পিতভাবে নদী খনন করার কারণেই এই ভাঙন এতটা তীব্র রূপ নিয়েছে। নদীর মাঝখানের পলি অপসারণ না করে, ভাঙনকবলিত পাড়ের খুব কাছ দিয়ে খনন করায় স্রোতের গতিপথ এখন সরাসরি বাজারের দিকে ঘুরে গেছে।

গত কয়েক দিনে বাজার সংলগ্ন এলাকার প্রায় ২৫ থেকে ৩০ ফুট বেড়িবাঁধ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এর ফলে বাজারের অন্তত পাঁচ শতাধিক স্থায়ী ব্যবসা প্রতিষ্ঠান সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছে।

বাঁধ ভেঙে যাওয়ায় নদী তীরবর্তী এলাকা এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। সম্প্রতি খেয়া পারাপারের সময় পাড় ধসে শিশুসহ কয়েকজন যাত্রী নদীতে পড়ে যাওয়ার মতো উদ্বেগজনক ঘটনাও ঘটেছে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি এড়ানো গেলেও প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে যাতায়াত করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।

​এদিকে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভাঙনকবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

​অন্যদিকে, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর নির্বাহী প্রকৌশলী সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত মেরামতের আশ্বাস দিয়েছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, বুধহাটা এলাকার ভাঙন রোধে স্থায়ী ও টেকসই সংস্কার করতে হলে নতুন প্রকল্পের প্রয়োজন।

দুইশত বছরের একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক কেন্দ্র রক্ষায় শুধু সাময়িক বা জোড়াতালির মেরামত কোনো স্থায়ী সমাধান এনে দেবে না। জরুরি ভিত্তিতে আপৎকালীন সংস্কারকাজ সম্পন্ন করার পাশাপাশি সেখানে দীর্ঘমেয়াদি ও টেকসই প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা অপরিহার্য।

​এদিকে এলাকাবাসি বলেন একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল এভাবে নদীগর্ভে বিলীন হয়ে গেলে স্থানীয় অর্থনীতিতে বড় ধরনের ধস নামবে এবং বহু ব্যবসায়ী এক রাতে নিঃস্ব হয়ে পড়বেন।

তাই কালক্ষেপণ না করে সরকারের সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহলের কাছে এলাকার সচেতন মানুষের জোর দাবি—বুধহাটা বাজার ও স্থানীয় বাসিন্দাদের জানমাল রক্ষায় পানি উন্নয়ন বোর্ড যেন দ্রুত একটি স্থায়ী প্রকল্প গ্রহণ এবং তার কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করে।

ওএনবি/আব্দুল মোমিন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন