ঢাকা: ২০২৩ সালে নির্মাতা রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর মাত্র তিন বছরের ক্যারিয়ারে মুক্তি পেয়েছে আফরান নিশোর তিনটি সিনেমা।
নিশোর মুক্তিপ্রাপ্ত এই তিনটি সিনেমার পরিচালক আলাদা হলেও প্রযোজনার সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে রয়েছে আলফা আইয়ের নাম। এবার সেই সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে।
সম্প্রতি প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানিয়েছেন, নিশোকে নিয়ে নতুন আরও তিনটি সিনেমা চূড়ান্ত করেছেন তারা। পাশাপাশি আরও একটি সিনেমা নিয়েও আলোচনা চলছে।

এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোতে নিশোকে দেখা গেছে বেশির ভাগ সময়ই সংগ্রামী, দুঃখভারাক্রান্ত কিংবা প্রতারিত চরিত্রে। দর্শকরা প্রিয় তারকাকে বড় পর্দায় পুরোপুরি নায়কসুলভ উপস্থিতিতে দেখতে চান।
শাহরিয়ার শাকিলের ভাষায়, নিশোর সঙ্গে আমাদের যে তিনটি সিনেমা চূড়ান্ত হয়েছে, তার প্রতিটিতে নিশোকে দর্শক যেভাবে দেখতে চায়, সেভাবেই দেখা যাবে।
নিশোর সঙ্গে তিন সিনেমা নিশ্চিত করলেও এখনও সিনেমার নাম ও পরিচালকের নাম জানাননি শাহরিয়ার শাকিল।
এ বিষয়ে নির্দিষ্ট করে কিছু না বললেও শাহরিয়ার শাকিল জানান, তিন সিনেমার একটিতে নিশোর সঙ্গে দেখা যেতে পারে মেহজাবীনকে। দর্শকেরাও এমনটা চান বলে দাবি করেন এই প্রযোজক।
তিনি আরও জানান, একটি নয়, নির্মাতা ভিকি জাহেদের সঙ্গে একাধিক কাজ নিয়ে আলোচনা চলছে তাদের।
জেএন



