ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে হিজরি ১৪৪৮ সনের চাঁদ দেখা যাওয়ায় আজ মঙ্গলবার (১৬ জুন) থেকে নতুন হিজরি বছর শুরু হয়েছে। আর নতুন হিজরি বছরের প্রথম প্রহরেই নতুন গিলাফে সজ্জিত হলো পবিত্র কাবা।
ইসলামের সবচেয়ে পবিত্র এই স্থাপনাকে ঘিরে প্রতিবছরের মতো এবারও সম্পন্ন হয়েছে গিলাফ পরিবর্তনের ঐতিহ্যবাহী আয়োজন। এটি ধর্মীয় আনুষ্ঠানিকতার সঙ্গে সঙ্গে সৌদি আরবের কারিগরি দক্ষতা, নান্দনিকতা ও ইসলামি শিল্প ঐতিহ্যের এক অনন্য প্রকাশ।
সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, ১৪৪৮ হিজরি বছরের সূচনায় পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হয়েছে। নতুন গিলাফ তৈরিতে ১৫০ জন সৌদি কারিগর ও শিল্পী প্রায় ১১ মাস ধরে কাজ করেছেন। তাদের দক্ষ হাতে তৈরি এই গিলাফে ব্যবহৃত হয়েছে ৪৭ খণ্ড উন্নতমানের কালো রেশমি কাপড়।

গিলাফ জুড়ে ৩০টি কোরআনের আয়াত রুপার সুতা ও ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপযুক্ত সুতা দিয়ে সূক্ষ্মভাবে নকশা করা হয়েছে। পুরো গিলাফের ওজন প্রায় ১ হাজার ৪১০ কিলোগ্রাম।

নতুন গিলাফ তৈরির প্রক্রিয়া সাতটি ধাপে সম্পন্ন হয়। এর মধ্যে ছিল পানি বিশুদ্ধকরণ, রেশম ধোয়া, বয়ন, ছাপানো, সূচিকর্ম, সংযোজন এবং চূড়ান্ত পরীক্ষা। পরে বিশেষভাবে প্রস্তুত একটি যানবাহনে করে গিলাফটি মসজিদে হারামের মাতাফ প্রাঙ্গণে পৌঁছে দেওয়া হয়।
নতুন গিলাফ পরানোর পুরো প্রক্রিয়া সৌদি আরবের মসজিদুল হারাম ও মসজিদে নববী বিষয়ক কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সম্পন্ন হয়।
এতে সরাসরি পর্যবেক্ষণ করেন মসজিদুল হারামের প্রধান শাইখ ড. আবদুর রহমান বিন আবদুল আজিজ আল-সুদাইস। তার তত্ত্বাবধানে কাবার পুরোনো কিসওয়া ধীরে ধীরে সরিয়ে নতুন কিসওয়া স্থাপন করা হয়, যা ভোরের আলো ফোটার আগেই সম্পন্ন হয়।
জেএন



