ঢাকা: ২০২৬ ফুটবল বিশ্বকাপে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়েছে মিশর। নিউজিল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে বিশ্বকাপের মঞ্চে নিজেদের প্রথম জয়ের স্বাদ পেয়েছে মোহাম্মদ সালাহর দল।
ম্যাচে শুরুতেই এগিয়ে যায় নিউজিল্যান্ড। ম্যাচের ১৫তম মিনিটে কর্নার থেকে হেডে গোল করে দলকে লিড এনে দেন ফিন সুরম্যান।
প্রথমার্ধে পিছিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় মিশর। ৫৮তম মিনিটে গোল করে সমতা ফেরান মোস্তফা জিকো। এরপর দশ মিনিটেরও কম সময়ের মধ্যে গোল করে মিশরকে এগিয়ে দেন দলের তারকা ফুটবলার মোহাম্মদ সালাহ।

লিড পাওয়ার পর আক্রমণের ধার আরও বাড়ায় মিশর। ম্যাচের শেষ দিকে তৃতীয় গোল করে জয় নিশ্চিত করেন ত্রেজেগে।
পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তনের মাধ্যমে ঐতিহাসিক এই জয় তুলে নিয়েছে মিশর। বিশ্বকাপের ইতিহাসে এটি দেশটির জন্য একটি স্মরণীয় অর্জন হয়ে থাকবে।
এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উঠে এসেছে মিশর। অন্যদিকে মাত্র এক পয়েন্ট নিয়ে তলানিতে রয়েছে নিউজিল্যান্ড।
জেএফজে



