ওএনবি ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভার নির্বাচনের ভোট গণনা শুরু হয়েছে। সোমবার (৪ এপ্রিল) সকাল ৮টা থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ভোট গণনা শুরু হয়েছে।
রাজ্যজুড়ে মোট ৭৭টি ভোট গণনাকেন্দ্র খোলা হয়েছে। শুরুতেই পোস্টাল ব্যালট এবং পরে শুরু হবে ইভিএম ভোট গণনা। প্রত্যেকটি গণনাকেন্দ্রে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।
কেন্দ্রের বাইরে ১০০ মিটার এলাকায় কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।

গণনা কক্ষের নিরাপত্তার দায়িত্বে থাকবে কেন্দ্রীয় বাহিনী। বেশ কয়েক দফায় তল্লাশির পরই গণনা কেন্দ্রে প্রবেশ করা যাবে। গণনা চলাকালে গণনা কেন্দ্রের ভেতরে সিসি ক্যামেরার নজরদারি চলবে।
রাজ্যটির ২৯৪ আসনের মধ্যে ২৯৩ আসনের ফলাফল ঘোষণা করা হবে আজ। ফলতা আসনে নির্বাচন স্থগিত থাকায় আগামী ২১ মে ওই আসনে পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
৭৭টি গণনাকেন্দ্রের ৪৫৮টি হলে ভোটগণনা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি রাউন্ডের গণনা হবে চুঁচুড়ায়। সেখানে ২৭ রাউন্ড ইভিএম গণনা হবে। সবচেয়ে কম রাউন্ড গণনা রয়েছে মেটিয়াবুরুজ, সপ্তগ্রাম এবং বীজপুরে।
এই তিন আসনেই ১০ রাউন্ড করে গণনা হবে। সোমবারের গণনাপর্বের জন্য মোট ২৯৩ জন গণনা পর্যবেক্ষক থাকছেন। এ ছাড়া ১৬৫ জন অতিরিক্ত গণনা পর্যবেক্ষক এবং ৭৭ জন পুলিশ পর্যবেক্ষক থাকছেন।
পশ্চিমবঙ্গে এবার কোন দল জিতছে এবং কারা ক্ষমতায় যাচ্ছে- তা সবই স্পষ্ট হবে ভোট গণনার পর। তবে রাজ্যবাসী কার হাতে পশ্চিমবঙ্গের শাসনভার তুলে দিলেন তার একটা প্রাথমিক ধারণা স্থানীয় সময় দুপুর একটার মধ্যেই মিলতে পারে বলে মনে করা হচ্ছে। যদিও কিছু কিছু কেন্দ্রের গণনা শেষ হতে রাতও গড়িয়ে যেতে পারে।
পশ্চিমবঙ্গে এবারে মোট দুইটি দফায় ভোট গ্রহণ পর্ব হয়েছে। প্রথম দফায় নির্বাচন হয়েছে ২৩ এপ্রিল, দ্বিতীয় দফায় নির্বাচন হয় ২৯ এপ্রিল।
প্রথম দফায় যে ভোটগ্রহণ হয়েছে, এতে বেশির ভাগ জেলা বিজেপির শক্ত ঘাঁটি বলে পরিচিত। আবার দ্বিতীয় দফায় ভোটগ্রহণ হয়েছিল তৃণমূলের দুর্গ বলে পরিচিত দক্ষিণবঙ্গে। কে কার দুর্গে ফাটল ধরাবে বা আদৌ ধরাতে পারল কি না, আর কিছুক্ষণের মধ্যেই তা স্পষ্ট হয়ে যাবে। ফলাফল নিয়ে অবশ্য দুপক্ষই আত্মবিশ্বাসী।
দ্বিতীয় দফার ভোট শেষ হতে বিভিন্ন সংস্থা যে বুথফেরত সমীক্ষা প্রকাশ করেছিল, তার বেশির ভাগেই ইঙ্গিত মিলেছিল রাজ্যে পরিবর্তন হতে চলেছে। ক্ষমতায় আসতে চলেছে বিজেপি।
পাল্টা তৃণমূল দাবি করেছে, ২০২১ এবং ২০২৪ সালের ভোটেও বুথফেরত সমীক্ষা মেলেনি। এ বারও মিলবে না। সরকারে তারাই আসছে।
তবে এবারের ভোট গণনা নিয়ে শাসক দল তৃণমূল প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে তৈরি হয়েছে স্নায়ুযুদ্ধ। রাজ্যের অন্যতম আসন ভবানীপুরের দিকেই নজর সকলের।
একদিকে তৃণমূলের প্রার্থী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অন্যদিকে বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী।
জেএন



