, || ||

শাপলা চত্বরে নিহত ৩২ জনের পরিচয় মিলেছে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে নিহত ৩২ জনের পরিচয় মিলেছে: চিফ প্রসিকিউটর

ঢাকা : ২০১৩ সালের ৫ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহতদের মধ্যে ৩২ জনের পরিচয় মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

রোববার (৩ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, শুধু ঢাকাতেই হত্যার শিকার ৩২ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ অনেক জায়গায় মানুষ মারা গেছে। তদন্তে আমরা সব প্রমাণ পেয়ে গেছি। রং মাখানো তো কাউকে পাইনি।

তিনি বলেন, একটা হত্যাকাণ্ডকে নিয়ে কত রকমের মকারি হয়েছে। মানুষকে হত্যা করে লাশ গুম করে, গণকবর দিয়ে সেই লাশ নিয়ে মকারি করা হয়েছে।

এই মামলার তদন্ত শেষ পর্যায়ে উল্লেখ করে আমিনুল ইসলাম আরও বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি ফেয়ার ইনভেস্টিগেশনের। তদন্তের ৯০ ভাগ সম্পন্ন করেছি। খুব দ্রুতই সম্ভবত ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

উল্লেখ্য, এক দশক আগে সংঘটিত এই ঘটনায় ২০২৪ সালের ২৬ নভেম্বর হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন।

মামলায় আসামী করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইজপি বেনজীর আহমেদসহ ৫০ জনকে।

পিএস/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন