ঢাকা : শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।
পদত্যাগ পত্রে মন্ত্রী লেখেন, ‘আমি দীপেন দেওয়ান, এমপি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর হতে আমি শারীরিক নানা জটিলতায় ভুগছি। আমার শারীরিক অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত কাজের দায়িত্ব পালনের ক্ষেত্রে নানাবিধ সমস্যা তৈরি হচ্ছে। বর্তমান সরকারের উন্নয়ন ও প্রশাসনিক কাজের গতিশীলতা বৃদ্ধির স্বার্থে আমার বর্তমান পদ থেকে অব্যাহতি গ্রহণ করা আবশ্যক বলে মনে করছি।

অতএব, উপর্যুক্ত কারণে আমার পদত্যাগপত্র গ্রহণের জন্য বিনীত অনুরোধ করছি।

দীপেন দেওয়ান পেশাগতভাবে একজন আইনজীবী। তিনি সিনিয়র যুগ্ম জেলা জজ ছিলেন। চাকরি থেকে অব্যাহতি নিয়ে ২০০৫ সালে বিএনপির রাজনীতিতে সক্রিয় হন তিনি। পরে তাকে রাঙামাটি জেলা বিএনপির আহ্বায়ক করা হয়।
এক/এগারোর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে ২০১৬ সাল পর্যন্ত দীপেন দেওয়ান জেলা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙ্গামাটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন। দল থেকে অন্য প্রার্থী চূড়ান্ত মনোনীত হওয়ায় তিনি শেষ পর্যন্ত নির্বাচনে লড়েননি। দলের সিদ্ধান্ত মেনে প্রার্থিতা প্রত্যাহার করে নেন।
২০২৫ সালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান।
তাকে পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব দেয় ১৭ বছর পর ক্ষমতায় আসা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
জেপি/এনডি/এএস



