আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে পুলিশের সবচেয়ে বড় বার্ষিক ইভেন্ট ‘পুলিশ সপ্তাহ’। এবারের আয়োজনে মেটাল পেন বহনও নিষিদ্ধ করা হয়েছে। পুলিশ সপ্তাহের প্রধান অনুষ্ঠানে ছুরি, চাকু, আগ্নেয়াস্ত্রের পাশাপাশি মেটাল পেন নিয়েও প্রবেশ করা যাবে না। বহুল আলোচিত পেনগান আতঙ্কে এ পদক্ষেপ নিয়েছেন পুলিশের কর্তাব্যক্তিরা।
পুলিশ সদর দপ্তর সূত্র জানিয়েছে, পুলিশ সপ্তাহে প্রধানমন্ত্রীর নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরু হলে পেনগানের বিষয়টি গুরুত্ব পায়। পরে দাওয়াত কার্ডে নিষিদ্ধ জিনিসের তালিকায় মেটাল পেনও যুক্ত করা হয়। মেটাল পেন দেখতে হুবহু পেনগানের মতো। নিরাপত্তার তল্লাশিতে এটি চিহ্নিত করা যায় না। পুলিশ সদস্য থেকে শুরু করে সাংবাদিক, অতিথি সবার জন্যই এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে।
উল্লেখ্য, গত ৩ এপ্রিল পুরান ঢাকার নয়াবাজারে গুলিবিদ্ধ হন যুবদল নেতা রাসেল। পরে এ ঘটনায় একটি পেনগান উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ ঘটনা আইনশৃঙ্খলা বাহিনীকেও উদ্বিগ্ন করে তোলে। এর ধারাবাহিকতায় আসন্ন পুলিশ সপ্তাহে মেটাল পেন বহনে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেওয়া হয়।

পুলিশ সূত্র বলছে, এই সিদ্ধান্ত কেবল আনুষ্ঠানিক সতর্কতা নয়, বরং নতুন ধরনের ছদ্মবেশী অস্ত্রের ঝুঁকি মোকাবিলায় তাৎক্ষণিক প্রতিরোধমূলক পদক্ষেপ। কারণ পেনগান এতটাই ছদ্মবেশী যে, প্রচলিত তল্লাশিতে সহজে ধরা পড়ে না।
পুলিশ কর্মকর্তারা বলছেন, এই অস্ত্রটি সাধারণ কলমের মতো দেখতে হলেও এতে .২২ বা .২৫ ক্যালিবারের গুলি ব্যবহার করা যায়। সিঙ্গেল-শট হলেও এটি অত্যন্ত বিপজ্জনক। কারণ সহজে বহনযোগ্য, দ্রুত ব্যবহারযোগ্য এবং শনাক্ত করা কঠিন। এসব অস্ত্রে কোনো সিরিয়াল নম্বর বা নির্মাতার চিহ্ন থাকে না, ফলে উৎস শনাক্ত করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।
পিএস/এনডি/এএস



