, || ||

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১১ পয়সা

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে দূরপাল্লা ও আন্তজেলায় প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিবহন মালিকদের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

ঢাকা ও চট্টগ্রাম মহানগরে বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২ টাকা ৪২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৫৩ পয়সা। অন্যদিকে দূরপাল্লার পথে বাসভাড়া কিলোমিটারে ২ টাকা ১২ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ২৩ পয়সা।

এটাকে ‘ভাড়া বৃদ্ধি’ না বরং জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির কারণে নতুন ভাড়াকে ‘সমন্বয়’ করা হয়েছে বলে দাবি করেছেন পরিবহন মন্ত্রী।

তিনি বলেন, তেলের দাম বৃদ্ধি এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণে পরিবহন এবং পরিবহনের যন্ত্রাংশ আমদানির খরচ বেড়েছে দাবি করে প্রতি কিলোমিটারে ২৮ পয়সা বৃদ্ধির দাবি জানিয়েছিল পরিবহন মালিকরা। পরে সেটি কমিয়ে ২২ পয়সা এবং সবশেষ আলোচনার মাধ্যমে ১১ পয়সা করা হয়েছে।

ভাড়া বাড়নোর সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হবে জানিয়ে তিনি আরও বলেন, ডিজেল চালিত বাসের ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর হবে। সিএনজিচালিত বাসের ক্ষেত্রে ভাড়া বৃদ্ধির বিষয়টি বিবেচিত হবে না। তবে জ্বালানি তেলের দাম কমে গেলে ভাড়া আবার কমবে।

এর আগে, গত ১৮ এপ্রিল জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণা দেয় সরকার। প্রতি লিটার ডিজেল ১৫ টাকা, অকটেন ২০ টাকা, পেট্রোল ১৯ টাকা ও কেরোসিনের দাম ১৮ টাকা বাড়ে। জ্বালানি তেলের নতুন দাম ১৯ এপ্রিল মধ্যরাত থেকে কার্যকর হয়।

এরপরই গণপরিবহনের ভাড়া বাড়াতে তৎপর হয়ে ওঠেন মালিক ও শ্রমিকরা। জ্বালানি তেলের দাম বাড়ার প্রেক্ষাপটে এর আগে ২০২২ সালে বাসভাড়া বাড়ানো হয়েছিল।

জেপি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন