গাজীপুরে টঙ্গীর বনমালা এলাকার একটি বাড়ি থেকে ছেলে ও রেললাইন থেকে বাবার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য বড় ছেলে মো. সোহানকে হেফাজতে নিয়েছে পুলিশ।
রোববার (২৬ এপ্রিল) ভোরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন, টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা মো. সোহেল হোসেন ও তার ছোট ছেলে সাকিব হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোহেল হোসেন বাড়িতে দুই ছেলেকে নিয়েই তিনি বসবাস করতেন। ছোট ছেলে সাকিব উত্তরার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

শনিবার মধ্যরাতে নিজ ঘরে সাকিব হোসেনের মুখে কাপড় গুঁজে দেওয়া অবস্থায় মরদেহ পাওয়া যায়। আর সোহেল হোসেনের মরদেহ বনমালা রেললাইনে পড়ে ছিল।
দুজনের মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। পুলিশ সোহেল হোসেনের বড় ছেলে মো. সোহানকে জিজ্ঞাসাবাদের হেফাজতে নিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ওসি মেহেদী হাসান বলেন, মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
জিপি/এনডি/এএস



