ঢাকা: ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি তৎকালীন (বিডিআর) সদর দফতর পিলখানায় গোলাগুলি চলাকালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ফোন আলাপের বিবরণ তুলে ধরেছেন তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিন আহমদ সোহেল তাজ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একটি ভিডিও সাক্ষাৎকারে তিনি জানান, তিনি শেখ হাসিনাকে সে মুহূর্তের করণীয় বিষয়ে পরামর্শ দিলে শেখ হাসিনা বলেন, ‘বিদেশে বসে এতো কিছু বুঝতে যেও না’।
সোহেল তাজ বলেন, গোলাগুলির সংবাদ পেয়ে আমি প্রথমেই জেনারেল শাকিলকে কল করি, কিন্তু তাকে পাচ্ছিলাম না। তাই নুর মোহাম্মদ আইজি সাহেবকে কল করি।

তাকে কী হয়েছে জিজ্ঞেস করলে তিনি বলেন এখানে গোলাগুলি হচ্ছে স্যার। আমি জিজ্ঞেস করলাম, এমন পরিস্থিতিতে আপনারা কী পদক্ষেপ নিয়েছেন?
তিনি আমাকে বললেন, আমরা তো এখানে আছি।
আমি তখন তাকে নির্দেশনা দিলাম, আপনাদের এ মুহূর্তে আপনাদের পুরো পেরিমিটারটা সারাউন্ড করতে হবে, যাতে করে, কোনো ব্যক্তি বের হতে বা ঢুকতে না পারে। এবং এর জন্য প্রয়োজনে র্যাব-আনসার থেকে সহায়তা নিন, তাতেও অসুবিধা হলে আরমির সাথে যোগাযোগ করুন।
তিনি বলেন, আমার কথার জবাবে আইজি সাহেব জানালেন, স্যার আমার সাথে তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আছেন। অর্থাৎ তিনি আমাকে বোঝাতে চাইছেন, তার সাথে আমার সিনিয়র আছেন। তাই আমার নির্দেশনা তিনি গ্রহণ করতে পারছেন না।
সাবেক এই মন্ত্রী আরও বলেন, আমি সাহারা খাতুনকে কল করলাম। তাকে একই কথা বললে তিনি বললেন, প্রধানমন্ত্রী সরাসরি বিষয়টা হ্যান্ডেল করছেন। এ কথা শোনে আমি তখনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে কল করলাম।
সোহেল বলেন, প্রধানমন্ত্রী আমাকে যা বললেন, আমার ক্লিয়ার মনে আছে- বিদেশে বসে এতোকিছু বুঝতে যেও না। আমি দেখছি সবকিছু। বিদেশে বসে নিজের সাধ্যানুযায়ী পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন বলেও জানান তিনি।
পিএস/এএস



