সিলেট: পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে গ্রেপ্তার দেশের পুলিশের একক কৃতিত্ব নয়, বরং এটি ইন্টারপোলের ভূমিকার ফল বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
রোববার (১৪ জুন) রাতে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আমির বলেন, বেনজীর আহমেদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করেছিল ড. ইউনূসের সরকার। এই সরকারের আমলে এসে বেনজীর ধরা পড়েছে। অপরাধী যেই হোক, যত ক্ষমতাধরই হোক; যদি কেউ দেশ ও জাতির বিরুদ্ধে অপরাধ করে থাকে; তাকে আইনের আওতায় আনতে হবে।

তিনি বলেন, বেনজীরের গ্রেফতার বাংলাদেশের একটা অর্জন, তবে মূল অর্জন হবে; তাকে ফিরিয়ে এনে শান্তির মুখোমুখি করা; বিচারের মুখোমুখি করা। কারণ বেনজীর দেশ থেকে পালিয়ে গিয়েও দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তিনি দুবাইয়ের কারাগারে থাকবেন নাকি দেশে আনা হবে, তা সরকারের সদিচ্ছার ওপর নির্ভর করছে।
তিনি আরও বলেন, তার অনেকগুলো উসকানিমূলক অডিও ফাঁস হয়েছে। এ রকম মানুষকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। রবিবার সংসদে তাকে গ্রেফতারে অভিনন্দন জানানো হলেও আসল অভিনন্দন জানানো হবে তাকে দেশে ফিরিয়ে আনার পর।
এ সময় তিনি ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে বলেন, ওসমান হাদির হত্যাকারীদের এখনও ফিরিয়ে আনা হয়নি, ফিরিয়ে আনার কোনও লক্ষণও দেখতে পাচ্ছি না। এ নিয়ে কোনও উদ্যোগও নেই। হাদির হত্যাকারীদেরও দেশে ফিরিয়ে আনতে হবে। তারও বিচার করতে হবে।
স্ট্যালিন রহমান/এনডি/এএস



