রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

দর্শনা সীমান্ত থেকে বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

দর্শনা সীমান্ত থেকে বিদেশী পিস্তল, গুলি ও মাদক উদ্ধার

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (১৫ জুন) ভোর আনুমানিক ৫টার দিকে দর্শনা থানাধীন কামারপাড়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে এসব উদ্ধার করা হয়।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার মোহাম্মদ রাজ মাসুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বারাদী বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বারাদি সীমান্ত মেইন পিলার ৮১-এর ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারপাড়া গ্রামের মোঃ আজিম উদ্দিন মাস্টারের আমবাগানে।

সেখানে মাটির নিচে পরিত্যক্ত অবস্থায় আসামিবিহীন একটি ৭.৬৫ মিলিমিটার বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি এবং ২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, উদ্ধারকৃত সামগ্রীর আনুমানিক মূল্য ১ লাখ ৭ হাজার ২০০ টাকা। এর মধ্যে বিদেশী পিস্তলের মূল্য ১ লাখ টাকা, এক রাউন্ড গুলির মূল্য ২০০ টাকা এবং উদ্ধারকৃত গাঁজার মূল্য প্রায় ৭ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলি দর্শনা থানায় জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া সীমান্ত এলাকায় অস্ত্র ও মাদক চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

এসটি/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন