ভারতে পাচারকালে তেষট্টি লাখ টাকা মূল্যের ২ টি স্বর্ণের বারসহ এক নারী পাচারকারীকে আটক করেছে বিজিবি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর এলাকা থেকে আটক করা হয়।
আটক ওই নারীর নাম শিউলি আক্তার (২৩)। শিউলি জেলা শহরের তালতলা এলাকার জুবায়ের আলমের স্ত্রী।
শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সাতক্ষীরা বিজিবি।

সাতক্ষীরা -৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বলেন, ভারতে স্বর্ণ পাচার হচ্ছে এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা শহরের বিভিন্ন জায়গায় অবস্তান নেয়। বৃহস্পতিবার বিকালে খুলনা রোড মোড় থেকে ইজিবাইকযোগে ভোমরা সীমান্ত এলাকার দিকে যাচ্ছিল শিউলি আক্তার। ওই সময় আলীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে তল্লাশী করে ২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
বিজিবি কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২৯৬ গ্রাম ৪০ মিলিগ্রাম। যার বাজার মূল্য ৬২ লাখ ৯৩ হাজার ৮১০টাকা। জব্দকৃত স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে। এছাড়া আটককৃত নারীকে সাতক্ষীরা সদর থানায় সোপার্দ করা হয়েছে।
সাতক্ষীরার সদর থানার ওসি মোহাম্মাদ মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় চোরাচালান আইনে একটি মামলা দ্বায়ের করা হয়েছে। আজ শুক্রবার বিকালে আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
আব্দুল মোমিন/এনডি/এএস



