রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

যাত্রা শুরু করলো জীবননগর ফুটবল একাডেমি

যাত্রা শুরু করলো জীবননগর ফুটবল একাডেমি

চুয়াডাঙ্গা: খেলাধুলার মাধ্যমে সুস্থ, সুন্দর মাদকমুক্ত সমাজ গড়া, নতুন প্রজন্মকে ফুটবলমুখী করা এবং হারিয়ে যাওয়া ফুটবলের ঐতিহ্য ফিরিয়ে আনার লক্ষ্যে চুয়াডাঙ্গার জীবননগরে যাত্রা শুরু করল জীবননগর ফুটবল একাডেমি।

রোবিবার (১৬ আগস্ট) বিকেলে জীবননগর থানা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আনুষ্টানিক ভাবে এই একাডেমির উদ্বোধন করা হয়। এসময় বিদ্যালয় মাঠ পরিণত হয় ফুটবল প্রেমিদের মিলনমেলায়।

দেশের দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা জীবননগর উপজেলাটি একেবারেই ভারত সীমান্ত ঘেষা। কথিত রয়েছে এ উপজেলার আনাচে কানাচে যেন মাদকের ছড়াছড়ি। ঠিক সেই মূহুর্তে স্থানীয় ফুটবলে যাত্রা শুরু করা জীবননগর ফুটবল একাডেমি যেন সকল শ্রেণি পেশার মানুষের মাঝে নতুন প্রাণের সৃষ্টি করলো।

একাডেমি সংশ্লিষ্টরা বলেন, এই একাডেমি শুধু ফুটবল প্রশিক্ষণের প্রতিষ্ঠান নয়; বরং এটি তরুণ প্রজন্মকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার একটি উদ্যোগ।

তারা জানান, জীবননগরের ফুটবলের সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করে নিয়মিত প্রশিক্ষণ ও পরিচর্যার মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড় তৈরি করতে কাজ করবে জীবননগর ফুটবল একাডেমি।

একাডেমি সংশ্লিষ্টরা আরও বলেন, সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতা অব্যাহত থাকলে একদিন জীবননগরের মাঠ থেকেই জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। এ লক্ষ্যে একাডেমির কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

একাডেমির সংগঠক আবদুল্লা আল মামুন জানান, ‘ফুটবল হোক তারুণ্যের শক্তি, মাঠ হোক আগামী দিনের ঠিকানা’ এই স্লোগানকে ধারণ করে আমাদের একাডেমির যাত্রা শুরু হলো। আমাদের উদ্দেশ্য একটি সুস্থ সমাজ গঠণ করা। যেটি খেলাধুলার মাধম্যেই সম্ভব হবে।

মামুন জানান, জীবননগর উপজেলার অনেক কৃতি ফুটবলার আছেন, যাদের নাম দেশজুড়ে ছড়িয়ে আছে। সে হিসেবে ফুটবলে জীবননগর নামটি একটি ঐতিহ্য। সময়ের বিবর্তনে ফুটবল হারিয়ে গিয়েছিলো। আমরা আবারও সেটিকে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছি।

তরুণ এই ক্রিড়া সংগঠক আরও জানান, একাডেমি করার আরেকটি উদ্দেশ্য তরুণ প্রজন্মকে ফের মাঠমুখী করা। আগে যেমন দেশজুড়ে পরিচিত ছিলো বেশ কিছু নাম, সেটা ফিরিয়ে আনা। আমাদের স্বপ্ন সকলের সহযোগীতায় এই একাডেমি থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরী করা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শাহজাহান কবির, আব্দুস সামাদ, সাইফুর রহমান সেন্টু, আব্দুস সবুর, রবিউল ইসলাম রবি, মিঠু, সুমন, শাওন, মিনাজুল ইসলাম মিনা, জসী, বিল্লাল, আব্দুল মোমিন, খবির, রমিজসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও ফুটবলপ্রেমীরা।

জেএফজে/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন