ঢাকা: বিশ্বকাপে শেষ ষোলোর প্রথম ম্যাচে কানাডার বিদায় নিশ্চিত হওয়ার পর কোয়ার্টারে প্রতিপক্ষের অপেক্ষায় ছিল মরক্কো। শেষ পর্যন্ত সেই প্রতিপক্ষ হয়েছে ফ্রান্স।
ফ্রান্সের আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছিল মরক্কো। আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ফ্রান্স ও মরক্কো।
ম্যাচটি ফিরিয়ে আনবে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি। সে আসরে আফ্রিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে ওঠা মরক্কো ফ্রান্সের কাছে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ দেখেছিল।

এবার সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ পাচ্ছে অ্যাটলাস লায়নরা। টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লক্ষ্য তাদের সামনে।
পাশাপাশি আফ্রিকার একমাত্র দেশ হিসেবে নকআউট পর্বে চারটি ম্যাচ জয়ের অনন্য কীর্তিও ইতোমধ্যে গড়েছে মরক্কো, যা মহাদেশের অন্য কোনো দলের নেই।
গ্রুপ পর্বে দুই জয় ও এক ড্রয়ে দুর্দান্ত ছন্দে ছিল মরক্কো। অন্যদিকে ফ্রান্স তিনটি ম্যাচই জিতে নকআউটে উঠেছে। দুই দলের দারুণ ফর্মের কারণে কোয়ার্টার ফাইনালে অন্যতম আকর্ষণীয় ম্যাচ হতে যাচ্ছে, তা বলাই যায়।
জেএন



