হোয়াইট হাউসের সাংবাদিকদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ওয়াশিংটন হিল্টন হোটেলে নৈশভোজের সময় হঠাৎ গুলির শব্দ শোনা গেছে। এ ঘটনার পর দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) রাতে হোয়াইট হাউজ সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত পাঁচটি গুলির শব্দ শোনা গেছে। এ সময় ট্রাম্প ও ফার্স্ট লেডি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মার্কিন তদন্ত সংস্থা এফবিআই জানিয়েছে, হামলাকারীকে আটক করা হয়েছে। ওয়াশিংটন ফিল্ড অফিস ঘটনাস্থলে তদন্ত চালাচ্ছে। ট্রাম্পও সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ‘বন্দুকধারীকে আটক করা হয়েছে।’

এ ঘটনায় ট্রাম্প এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স অক্ষত রয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, এক পুলিশ সদস্য বুলেটপ্রুফ জ্যাকেটে গুলিবিদ্ধ হয়েছেন, তবে তিনি আশঙ্কামুক্ত।
ঘটনার সময় অনুষ্ঠানটি শুরু হচ্ছিল মাত্র। অতিথিরা খাবার গ্রহণ করছিলেন, এমন সময় হঠাৎ সশস্ত্র নিরাপত্তাকর্মীরা প্রবেশ করে সবাইকে নিচে আশ্রয় নিতে বলেন।
উপস্থিত সাংবাদিকরা টেবিলের নিচে আশ্রয় নেন, এ সময় আতঙ্কে চারদিকে ছুটোছুটি শুরু হয়। পরে ইউএস সিক্রেট সার্ভিস দ্রুত ট্রাম্পকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়।
ট্রাম্প জানান, তিনি এবং তার মন্ত্রিসভার সদস্যরা সবাই নিরাপদে আছেন। ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট এবং মন্ত্রিসভার সব সদস্য সম্পূর্ণ নিরাপদে আছেন। আমরা অল্প সময়ের মধ্যেই হোয়াইট হাউজ থেকে কথা বলব।
সিক্রেট সার্ভিস জানিয়েছে, গুলির ঘটনা ঘটেছে অনুষ্ঠানস্থলের একটি তল্লাশি এলাকায়। তবে হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।
সূত্র: এপি, আল-জাজিরা



