ঢাকা: আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর। এর আগে গতকাল বুধবার সকালে জুলাই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
জাদুঘরটিতে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে- জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিও, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন ডিজিটাল প্রদর্শনী।
জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। এর জন্য অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি স্থানীয় কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে।

প্রতিদিন তিনটি নির্দিষ্ট স্লটে ৩০০ জন করে দর্শনার্থীকে প্রবেশের সুযোগ দেওয়া হবে। সকালের স্লটে বেলা ১১টা থেকে দুপুর ১টা, দুপুরের স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং সন্ধ্যার স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুরে দেখা যাবে। তবে টিকিটের গায়ে উল্লেখিত সময়ের মধ্যেই দর্শনার্থীদের প্রবেশ করতে হবে।
জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কাঙ্ক্ষিত স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের ফাঁকা স্লট বেছে নিতে হবে।
জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব জানান, একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামলাতে ও সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই প্রাথমিকভাবে সীমিত প্রবেশাধিকার রাখা হয়েছে।
পিএস/এএস



