সাতক্ষীরা: সাতক্ষীরা আদালত চত্বর থেকে হাতকড়া পরা অবস্থায় পুলিশের হেফাজত থেকে পালিয়ে যাওয়া এক মাদক মামলার আসামিকে স্থানীয় জনতার সহায়তায় ফের গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) দুপুরে চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটে।
আটককৃত আসামির নাম মো. আজমাইন। তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার নাকতাড়া গ্রামের বাসিন্দা এবং একটি মাদক মামলার আসামি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আশাশুনি থানা থেকে আজমাইনকে নিয়মিত শুনানির অংশ হিসেবে আদালতে হাজির করতে নিয়ে আসা হয়। দুপুর দেড়টার দিকে আদালত চত্বরে অবস্থানকালে হাতকড়া পরা অবস্থাতেই কৌশলে দায়িত্বপ্রাপ্ত চত্বর থেকে সটকে পড়েন তিনি।

সেখান থেকে দৌড়ে শহরের পলাশপোল বউবাজার এলাকায় পৌঁছে যান আজমাইন। তবে হাতকড়া পরা অবস্থায় দৌড়াতে দেখে স্থানীয়দের মনে সন্দেহ দানা বাঁধে। এ সময় সাতক্ষীরা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এস কে মাসুদ রায়হানসহ উপস্থিত জনতা তাকে ঘিরে ধরে ফেলে এবং আটকে রাখে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যের মাধ্যমে তাকে দ্রুত কোর্ট পুলিশের কাছে সোপর্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতক্ষীরা আদালতের পরিদর্শক মো. মঈনুদ্দীন জানান, আশাশুনি থানা থেকে আনা এক আসামি সাময়িকভাবে পালিয়ে গিয়েছিল। তবে ঘটনার পরপরই বউবাজার এলাকা থেকে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। আদালতের আনুষঙ্গিক কাজ শেষে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
সংক্ষিপ্ত সময়ের মধ্যে আসামিকে পুনরায় আটক করা সম্ভব হলেও, জনাকীর্ণ আদালত চত্বর থেকে পুলিশের উপস্থিতিতে আসামি পালিয়ে যাওয়ার ঘটনায় সেখানকার সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সচেতন মহল প্রশ্ন তুলেছে।
আব্দুল মোমিন/এএস



