সিলেট : সিলেটে ট্রাকের সঙ্গে পিকআপভ্যানের সংঘর্ষে আটজন নিহত হয়েছেন। নিহতরা সবাই নির্মাণ শ্রমিক। রোববার (৩ মে) সকাল ৬টার দিকে দক্ষিণ সুরমার তেলিবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ৮ জনের মধ্যে ৪ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-সিলেটের জালালাবাদ থানার সুজাত আলীর ছেলে বদরুল (৩০), সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের মৃত খরম আলীর ছেলে মো. সুরুজ আলী (৬০), একই গ্রামের আব্দুল বাসিরের মেয়ে মোছা.মুন্নি (৩৫), মৃত নূর সালামের ছেলে ফরিদুল (৩৫)।
তাদের বেশিরভাগের বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া গ্রামের বলে জানা গেছে। তারা বিল্ডিংয়ের ছাদ ঢালাইয়ের কাজে যাচ্ছিলেন।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মো. রিয়াজুল কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতরা একটি ডিআই পিকআপে করে নির্মাণ কাজের উদ্দেশ্যে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি কাঠাল বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
তিনি আরও বলেন, এ ঘটনায় চারজন ঘটনাস্থলে ও হাসপাতালে নেওয়ার পর আরও চারজন মারা যায়। এ দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
মো. রিয়াজুল কবির জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরা গেছেন। ইতোমধ্যে তারা উদ্ধার কাজ শুরু করেছে। হতাহতদের পরিচয় শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, একটি পিকআপে করে বেশ কয়েকজন শ্রমিক সিলেট থেকে সুনামগঞ্জের দিকে যাচ্ছিলেন। তেলিবাজার এলাকায় যাওয়ার পর উল্টো দিক থেকে আসা কাঁঠালভর্তি একটি ট্রাকের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে চারজনের মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও চারজনের মৃত্যু হয়।
স্ট্যালিন রহমান/এনডি/এএস



