শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

১৭ বছরেও সংস্কার হয়নি কক্সবাজারের সাহিত্যিকা পল্লীর সড়ক, দুর্ভোগে ২শ’ পরিবার

১৭ বছরেও সংস্কার হয়নি কক্সবাজারের সাহিত্যিকা পল্লীর সড়ক, দুর্ভোগে ২শ’ পরিবার

কক্সবাজার: কক্সবাজার পৌরসভার আওতাধীন সিটি কলেজ সংলগ্ন সাহিত্যিকা পল্লীর একটি গুরুত্বপূর্ণ সড়ক প্রায় ১৭ বছর ধরে সংস্কারহীন অবস্থায় পড়ে আছে। খানাখন্দ, ভাঙাচোরা সড়ক ও সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে প্রতিদিন চরম দুর্ভোগ পোহাচ্ছেন ওই এলাকার প্রায় ১৫০ থেকে ২০০ পরিবারের বাসিন্দারা।

দীর্ঘদিন ধরে পৌরসভার নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

স্থানীয়দের কাছে‘পল্লী কসাই নবী হোসেনের গলি’ নামে পরিচিত সড়কটি সাহিত্যিকা পল্লীর মানুষের চলাচলের অন্যতম প্রধান পথ। তাদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সড়কটির উল্লেখযোগ্য কোনো উন্নয়ন বা সংস্কার হয়নি। ফলে বর্তমানে সড়কটির বিভিন্ন অংশে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে।

এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন আগে সড়কটির উন্নয়নের জন্য দরপত্র প্রক্রিয়াও সম্পন্ন হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে প্রস্তাবিত বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় কাজ আর এগোয়নি। ফলে উন্নয়নের জন্য নেওয়া উদ্যোগ কাগজপত্রেই সীমাবদ্ধ থেকে যায়।

স্থানীয় বাসিন্দা ইব্রাহিম খলিলসহ অনেকেই জানান, প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করেন। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী, শিশু ও বয়স্কদের চলাচলে বেশি দুর্ভোগ পোহাতে হয়। জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স বা অন্যান্য যানবাহন প্রবেশেও নানা সমস্যার সৃষ্টি হয়। বৃষ্টির সময় সড়কের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে, হেঁটেও চলাচল কঠিন হয়ে যায়।

বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার নিয়মিত কর পরিশোধ করেও তারা কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা পাচ্ছেন না। বছরের পর বছর ধরে সড়কটির উন্নয়নের দাবি জানানো হলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

একাধিক বাসিন্দা বলেন, আমাদের বড় কোনো দাবি নেই। আমরা শুধু চলাচলের উপযোগী একটি রাস্তা চাই। দীর্ঘ ১৭ বছর ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক এভাবে পড়ে থাকা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

তাদের অভিযোগ, নির্বাচিত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার বিষয়টি জানানো হলেও স্থায়ী সমাধান হয়নি। বর্তমানে পৌরসভার প্রশাসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে নতুন করে আবেদন জানিয়ে দ্রুত সড়কটি সরেজমিনে পরিদর্শনের দাবি জানিয়েছেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, কাগজে-কলমে উন্নয়ন পরিকল্পনা কিংবা দরপত্রের চেয়ে এখন তাদের প্রয়োজন বাস্তব কাজ। সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে সড়কটি পরিদর্শন করলে দীর্ঘদিনের দুর্ভোগের বাস্তব চিত্র স্পষ্ট হবে বলেও দাবি তাদের।

সাহিত্যিকা পল্লীর বাসিন্দারা অবিলম্বে সড়কটির বর্তমান অবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় উদ্যোগ, বাজেট বরাদ্দ এবং সংস্কারকাজ শুরু করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে দীর্ঘদিন ধরে কেন সড়কটির উন্নয়ন হয়নি, দরপত্র সম্পন্ন হওয়ার পরও কেন কাজ বাস্তবায়িত হয়নি,সেটিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন তারা।

শাহজাহান চৌধুরী শাহীন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন