শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৩৩ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

৩৩ বিজিবির বিশেষ অভিযানে প্রায় ২৩ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

সাতক্ষীরা: সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে প্রায় ২৩ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বিজিবি।

রোববার (০৯ আগস্ট) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি ও চেকপোস্টের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এসব অভিযান পরিচালনা করে।

​বিজিবি সূত্র জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে ব্যাটালিয়নের গাজীপুর, তলুইগাছা, মাদরা, কাকডাঙ্গা, চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহল দল স্ব-স্ব দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালায়। এসব অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা বিপুল পরিমাণ মোবাইল ফোনের যন্ত্রাংশ ও ওষুধ জব্দ করা হয়।

​এসব অভিযানে গাজীপুর বিওপি: সাতক্ষীরা সদর থানাধীন সীমান্ত পিলার ৫/৯-এস থেকে ২০০ গজ ভেতরে ‘ঘেরের পাড়’ এলাকা থেকে ১ লাখ ২০ হাজার টাকা মূল্যের মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে।

তলুইগাছা বিওপি: শালবাগান সীমান্ত এলাকা (মেইন পিলার ১৩ থেকে ১৫০ গজ ভেতরে) থেকে ৭ লাখ ৫০ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ আটক করা হয়।

মাদরা বিওপি: কলারোয়া থানাধীন আম বাগান এলাকা থেকে ৮ লাখ ৪ হাজার টাকা মূল্যের মোবাইল যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

চান্দুরিয়া বিওপি: কলারোয়ার কাঁদপুর এলাকা থেকে ৩ লাখ ১৬ হাজার ৫০০ টাকার মোবাইল যন্ত্রাংশ জব্দ করা হয়।

বাঁকাল চেকপোস্ট: সাতক্ষীরা সদরের আলিপুর হাটখোলা এলাকা থেকে ৯০ হাজার টাকার সমপরিমাণ মোবাইল যন্ত্রাংশ আটক করে।

কাকডাঙ্গা বিওপি: কলারোয়ার ভাদিয়ালি সীমান্ত এলাকা থেকে ২ লাখ ১০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ উদ্ধার করে বিজিবি। সবগুলো অভিযানে সর্বমোট ২২ লাখ ৯০ হাজার ৫০০ টাকা মূল্যের অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করা হয়।

​৩৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি জানান, শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে এসব পণ্য বাংলাদেশে পাচার করা হচ্ছিল। এ ধরণের অপতৎপরতার কারণে স্থানীয় দেশীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয় এবং সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

​তিনি আরও জানান, দেশের রাজস্ব ফাঁকি রোধ ও স্থানীয় শিল্পের সুরক্ষায় সীমান্তে বিজিবির এ ধরনের কঠোর ও জনস্বার্থমূলক অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় সচেতন জনগণও বিজিবির এমন সফল অভিযানকে সাধুবাদ জানিয়েছেন।

আব্দুল মোমিন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন