ঢাকা : তিন দিনের সফরে রাশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। রোববার (৭ জুন) সকালে রাশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন। আগামী ৯ জুন পররাষ্ট্রমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।
সফরের দ্বিতীয় দিন আগামীকাল সোমবার মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠক হবে। এছাড়া মস্কোতে রুশ পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও আরও বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন।

এই শীর্ষস্থানীয় বাংলাদেশি অতিথির কর্মসূচিতে ফেডারেশন কাউন্সিল, রোসাটম স্টেট কর্পোরেশন এবং আরও কয়েকটি সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে ড. খলিলুর রহমানের দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি সহযোগিতা ইত্যাদি বিষয়ে আলোচনা হবে।
একই সঙ্গেমানব পাচারকারীরা রাশিয়ায় অনেক বাংলাদেশি যুবককে চাকরির প্রলোভন দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে বিপাকে ফেলেছে। এসব বাংলাদেশিকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হতে পারে।
জাতিসংঘে তাদের পারস্পরিক সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে, কারণ খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন।
জেপি/এনডি/এএস



