শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী

ঢাকা : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাজ্য ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতা শুভেন্দু অধিকারী। শনিবার (৯ মে) স্থানীয় সময় সকাল ১১টায় কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এ শপথগ্রহণ অনুষ্ঠিত হয়।

শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংসহ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী।

ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, একসময় সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘ডানহাত’ হিসেবে পরিচিত শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন। এ শপথগ্রহণ অনুষ্ঠানটি ছিল বিজেপির বড় ধরনের শক্তি প্রদর্শন।

প্রতিবেদন মতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার অধিকাংশ সদস্য শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শুভেন্দু অধিকারীর সঙ্গে মন্ত্রী হিসেবে শপথ নেন অগ্নিমিত্রা পাল, নিসীথ প্রামাণিক, দিলীপ ঘোষ, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু এবং শঙ্কর ঘোষ।

শুক্রবার বিধায়কদলের বৈঠকের পর শাহ বলেছিলেন, পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। আটটি প্রস্তাব এসেছিল। সব প্রস্তাবে একটিই নাম ছিল। দ্বিতীয় নাম না আসায় শুভেন্দুকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করছি।

উল্লেখ্য, দীর্ঘ দেড় দশকের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে নতুন এক অধ্যায়ের সূচনা। এরই মধ্যে শুভেন্দু অধিকারীর বাড়ি কাঁথির শান্তি কুঞ্জে ভিড় করেন অসংখ্য বিজেপির কর্মী-সমর্থকরা।

এনডি/জেএফজে

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন