রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার: কক্সবাজার সফরের শুরুতেই বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন কাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৩ জুন) সকাল ১১টার দিকে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নে কোদাল দিয়ে মাটি কেটে তিনি এ কার্যক্রমের সূচনা করেন। পরে খাল পাড়ে একটি কাঠ বাদামের চারা রোপণ করেন তিনি।

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সকাল থেকেই কক্সবাজারের পিএমখালী এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বৃষ্টি উপেক্ষা করে কক্সবাজার বিমানবন্দর থেকে পাতলী খাল পর্যন্ত রাস্তার দুই পাশে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড হাতে নিয়ে প্রিয় নেতাকে বরণ করে শুভেচ্ছা জানান।

৪৮ বছর আগে ১৯৭৯ সালের নভেম্বর মাসে তখনকার রাষ্ট্রপতি জিয়াউর রহমান পিএমখালীতে এসে কোদাল দিয়ে মাটি কেটে পাতলী খাল খনন কাজের সূচনা করেছিলেন।

এর আগে, একদিনের সফরে সকাল ৯টা ৫০ মিনিটের দিকে প্রধানমন্ত্রী কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।

প্রধানমন্ত্রীর সফরসূচি অনুযায়ী, পাতলী খাল পুনঃখনন কাজের উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বেলা ১১টা ১৫ মিনিটে সড়কপথে চকরিয়ার ডুলাহাজারা সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দেবেন।

দুপুর ১২টায় সাফারি পার্কে বৃক্ষরোপণের মাধ্যমে ‘সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি’র শুভ উদ্বোধন করবেন এবং পার্ক পরিদর্শন করবেন।

দুপুর ১টায় পেকুয়া উপজেলায় জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করবেন।

পরে দুপুর ২টায় নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। বিকেল সাড়ে ৪টায় চকরিয়া পৌর বাস টার্মিনাল এলাকায় আয়োজিত রাজনৈতিক জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

জনসভা শেষে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক ও সমুদ্রসৈকত পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। রাত ৮টায় কক্সবাজার শহরের লং বিচ হোটেলে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে স্থানীয় বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে রাত ১০টায় একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে কক্সবাজার ত্যাগ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

শাহজাহান চৌধুরী শাহিন/এনডি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন