কক্সবাজার: কক্সবাজার শহরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি মোহাম্মদ আমির ফয়সাল আক্তারকে (৩৮) অস্ত্র, ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেপ্তার করেছে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। এ সময় তার সহযোগী মো. জাহিদ হোসেনকেও (২০) আটক করা হয়।
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুর ১টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের আলীর জাহাল এলাকায় ফয়সালের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ফয়সাল ও তার সহযোগী জাহিদকে আটক করা হয়।

এ সময় তাদের হেফাজত থেকে ২টি দেশীয় বন্দুক, ৩টি ধারালো ছুরি, ১ হাজার ৩০ পিস ইয়াবা, মাদক বিক্রির ২৪ হাজার টাকা, নম্বরবিহীন ২টি মোটরসাইকেল এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার ফয়সাল দীর্ঘদিন ধরে কক্সবাজার শহরে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
শাহজাহান চৌধুরী শাহীন/এনডি/এএস



