চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আব্দুল কাদের নামে আরও এক জনের পা-কাটা পড়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল পৌনে ৬ টার দিকে উপজেলার দুধপাতিলা রেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতদের নাম-পরিচয় না নিশ্চিত হওয়া গেলেও তাদের একজনের বাড়ি সরোজগঞ্জ ও অপর জনের বাড়ি রঘুনাথপুর। তবে গুরুতর আহত আব্দুল কাদের একই উপজেলার ডুগডুগি কলোনিপাড়া গ্রামের অহিদুল ইসলামের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে আব্দুল কাদের ও অপর দুইজন মোটরসাইকেল যোগে দামুড়হুদার দুধপাতিলা রেল ক্রসিং পার হচ্ছিলেন। এ সময় খুলনা থেকে ছেড়ে আসা ‘মহানন্দা মেইল’ ট্রেন তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আব্দুল কাদেরের পা কেটে গিয়ে তিনি গুরুতর জখম হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহত কাদেরকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মেসবাউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ও রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের মরদেহ উদ্ধারের পাশাপাশি তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দর্শনা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ মাসুদূর রহমান জানান, খবর পেয়ে সোয়া ৬টার দিকে ছোট দুধপাথিলা রেলক্রসিং এলাকা থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছি। আহত একজনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।
ইএআর/এনডি/এএস



