ঢাকা: স্পেনের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিলো উরুগুয়ে। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে যায় উরুগুয়ে।
ম্যাচটি স্পেন জিতেছে, তবে পারফরম্যান্সে খুব বেশি স্বস্তি পাওয়ার সুযোগ নেই। বলের দখল থাকলেও ছন্দ, গতি ও ধারালো আক্রমণের অভাব ছিল স্পেনের খেলায়।
উরুগুয়ের জন্য ম্যাচটি ছিল বাঁচা-মরার। শেষ ৩২-এর আশা বাঁচিয়ে রাখতে জয়ের বিকল্প ছিল না মার্সেলো বিয়েলসার দলের সামনে।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ম্যাচের মোড় ঘুরে যায়। ৪২ মিনিটে বক্সের ভেতর জায়গা পেয়ে নিচু শট নেন বায়েনা। কিন্তু অভিজ্ঞ মুসলেরা বল ঠিকমতো ধরতে পারেননি। তাঁর হাত ফসকে বল জালে যায়। স্তব্ধ হয়ে যায় উরুগুয়ে।
গোলের সময় ঘিরে বিতর্কও ছিল। ওই সময় ম্যানুয়েল উগার্তে ও লামিনে ইয়ামাল দুজনই মাঠে পড়ে ছিলেন। উরুগুয়ের খেলোয়াড়দের মধ্যে ক্ষোভ দেখা যায়, কিন্তু গোল বাতিল হয়নি।
কিছুক্ষণের মধ্যেই উগার্তেকে চোট নিয়ে মাঠ ছাড়তে হয়। এতে উরুগুয়ের ধাক্কা আরও বড় হয়। বিরতির পর মুসলেরাকেও আর মাঠে দেখা যায়নি। তাঁর জায়গায় নামেন সের্হিও রোচেত।
গোলরক্ষক বদল যেন উরুগুয়ের রাতের প্রতীক হয়ে থাকে। অভিজ্ঞ মুসলেরার ভুল শুধু ম্যাচের ফলেই নয়, উরুগুয়ের পুরো বিশ্বকাপ অভিযানের ব্যর্থতার প্রতীক হয়ে গেল।
দ্বিতীয়ার্ধে উরুগুয়ে চেষ্টা করেছে। কিন্তু সেই চেষ্টা ক্রমেই পরিণত হয় অস্থিরতায়। ম্যাচে ফাউল বাড়তে থাকে, উত্তেজনাও বাড়ে। স্পেনও খুব একটা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি।
দানি ওলমো নামার পর কিছুটা গতি এলেও স্পেন নিজেদের সেরা রূপ দেখাতে পারেনি। উরুগুয়ে সমতা ফেরানোর সুযোগ খুঁজেছে শেষ পর্যন্ত।
যোগ করা সময়ে ম্যাচ আরও তিক্ত হয়ে ওঠে। পাউ কুবারসির ওপর কঠিন চ্যালেঞ্জের জন্য লাল কার্ড দেখেন আগুস্তিন কানোবিও। তখনই পরিষ্কার হয়ে যায়, উরুগুয়ের রাত শেষ।
কিছুক্ষণের মধ্যেই শেষ বাঁশি বাজে, আর দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান গ্রুপ পর্বেই থেমে যায়।গ্রুপ ‘এইচ’-এ ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে স্পেন।
উরুগুয়ের জন্য রাতটি হতাশার। জয় দরকার ছিল, তারা লড়াই করেছে, কিন্তু এক ভুল এবং এক অস্থির দ্বিতীয়ার্ধ তাদের পথ বন্ধ করে দিল। আর স্পেন, খুব উজ্জ্বল না হয়েও, গ্রুপসেরা হয়ে এগিয়ে গেল শেষ ৩২-এর পরীক্ষায়।
জেএন



