শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ১লা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

১৭ বছরে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট: স্বাস্থ্যমন্ত্রী

১৭ বছরে পর্যাপ্ত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না হওয়ায় স্বাস্থ্যখাতে জনবল সংকট: স্বাস্থ্যমন্ত্রী

গত ১৭ বছরে প্রয়োজনীয় সংখ্যক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগ না হওয়ায় দেশে স্বাস্থ্যখাতে তীব্র জনবল সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

​রোববার (২৬ জুলাই) দুপুরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল, সাতক্ষীরা সদর হাসপাতাল এবং তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী হাসপাতালের সার্বিক চিকিৎসাসেবা, পরিচ্ছন্নতা, ওয়াশরুম ও বাথরুম এবং রোগীদের খাবারের সার্বিক মান খতিয়ে দেখেন।

বিশেষ করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রান্নাঘরে প্রবেশ করে রান্না করা তরকারি ও মাংসের ঝোল নিজে পরখ করে দেখেন তিনি। খাবারের গুণগত মান ও রান্নাঘরের পরিচ্ছন্নতায় সন্তোষ প্রকাশ করেন মন্ত্রী। ল

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকদের হাজিরা খাতা পরীক্ষা করেন। এ সময় হাজিরা খাতায় অনেকের টানা ৮ থেকে ১০ দিনের স্বাক্ষর না থাকা এবং কয়েকজন ডাক্তার এর অনুপস্থিত দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করে হুশিয়ারী উচ্চারণ করেন মন্ত্রী।

​একই সঙ্গে জেলাব্যাপী হাসপাতালগুলোতে সঠিকভাবে পেশাগত তদারকি না করায় সিভিল সার্জন ডা. আব্দুস সালামের অবহেলা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেন তিনি। ভবিষ্যতে হাজিরা খাতায় স্বাক্ষর জালিয়াতি বা অনুপস্থিতিসহ এ ধরনের তদারকিজনিত গাফিলতি আর সহ্য করা হবে না মর্মে উপস্থিত সকলকে কড়া সতর্কবার্তা দেন মন্ত্রী।

​হাসপাতালগুলোতে আকস্মিক পরিদর্শনের সময় অনিয়ম ও অবহেলার অভিযোগে মন্ত্রী কয়েকটি কঠোর পদক্ষেপ নেন:

​তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: সকাল ১০টায় পরিদর্শনের সময় দীর্ঘদিন অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে ডা. শাওলি নানজীবা তন্নির বিরুদ্ধে বিভাগীয় মামলা ও বরখাস্তের নির্দেশনা দেন মন্ত্রী। একই সঙ্গে হাসপাতালে চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার দায়ে নাইট গার্ড মোস্তফাকে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়।

​সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল: দুপুর ১টার দিকে পরিদর্শনের সময় এক বছর এর বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ডা. সোহানা সেলিম নামের অপর এক চিকিৎসককে তাৎক্ষণিক বরখাস্তের নির্দেশ দেন তিনি।

​সংবাদকর্মীদের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, “দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থার দ্রুত আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।”

সরকারের গৃহীত বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি জানান ৫০ শয্যার উপজেলা হাসপাতালগুলোকে ১০০ শয্যায় উন্নীত করার প্রক্রিয়া চলমান। প্রতিটি জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজ হাসপাতালে ৫০টি করে আধুনিক ডায়ালাইসিস মেশিন স্থাপন করা হবে।

উপজেলা পর্যায়ে ডায়াগনস্টিক, প্যাথলজি ও ফিজিওথেরাপি সেবা সম্প্রসারণের পাশাপাশি পর্যায়ক্রমে ডায়ালাইসিস সুবিধা চালু করা হবে।ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও পরিবার পরিকল্পনা কেন্দ্রগুলোকে শতভাগ কার্যকর ও আধুনিক রূপ দেওয়া হবে।

তিনি আরো বলেন প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে খুব শিগগিরই দেশব্যাপী সমন্বিত ‘স্বাস্থ্য কার্ড’ (Health Card) বিতরণ কার্যক্রম শুরু হবে।

​পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন- সাতক্ষীরা জেলা প্রশাসক কায়সার আজিজ, সাতক্ষীরা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. কাজী আরিফ আহমেদ, মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. খুদরত-ই-খুদা, সিভিল সার্জন ডা. আব্দুস সালাম, জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা-২ আসনের সংসদ প্রার্থী আব্দুর রউফ, জেলা ছাত্রদলের সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক দুদায়েভ মাসুদ অর্ঘ্যসহ স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আব্দুল মোমিন/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন