ঢাকা: ইরানের সঙ্গে দ্রুত একটি চুক্তি হওয়ার শর্তে ইরানের বিরুদ্ধে পরিকল্পিত হামলা বাতিল করেছেন বলে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প তার সোশ্যালে এক পোস্টে লিখেছেন, বিশ্বের ভবিষ্যৎ কল্যাণের জন্য এবং একই সঙ্গে একটি সফল ও সমৃদ্ধ ইরানের টিকে থাকার স্বার্থে, আমি দ্রুত একটি চুক্তি করতে পারার শর্তে হামলাটি বাতিল করতে সম্মত হয়েছি।
একই সঙ্গে তিনি দাবি করেন, সম্ভাব্য চুক্তির মৌলিক কাঠামো নিয়ে ইতোমধ্যে সমঝোতা হয়েছে এবং এ উদ্যোগে ইসরায়েলও যুক্তরাষ্ট্রের সঙ্গে একমত।

ট্রাম্পের দাবি, সম্ভাব্য ওই চুক্তির আওতায় হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে খুলে দেওয়া হবে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে উদ্ভূত হুমকির অবসান ঘটানো হবে।
তিনি বলেন, বিশ্বের স্থিতিশীলতা এবং ইরানের ভবিষ্যৎ স্বার্থ বিবেচনায় হামলা স্থগিত করা হয়েছে। তবে দ্রুত চুক্তি না হলে পরিস্থিতি আবার পরিবর্তিত হতে পারে বলেও ইঙ্গিত দেন তিনি।
এর আগে যুক্তরাষ্ট্রের চালাতে যাওয়া সম্ভাব্য হামলা নিয়ে কড়া সতর্কতা দিয়েছিল ইরান। দেশটির পার্লামেন্ট সদস্য এব্রাহিম রেজায়ি বলেছিলেন, যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা হামলা চালালে ইরানের জবাব শুধু পারস্য উপসাগরে সীমাবদ্ধ থাকবে না। যেখান থেকেই হামলা আসুক, সেখানকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।
ইরানে হামলা চালানোর আশ্ঙকায় সতর্ক ছিল ইসরায়েলি সেনাবাহিনীও। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, ইরানে চালাতে যাওয়া সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় দেশটির সেনাবাহিনী প্রতিরক্ষাব্যবস্থা আরও জোরদার করেছে।
এমন সময় এই বক্তব্য সামনে এলো, যখন মার্কিন গণমাধ্যমে খবর প্রকাশিত হয় যে, ট্রাম্প সপ্তাহান্তে ইরানের বিরুদ্ধে নতুন ও ব্যাপক হামলার পরিকল্পনা করতে পারেন।
জেএন



