সাতক্ষীরা: যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পালিত হয়েছে ‘৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। ২০২৪ সালের জুলাই-আগস্টের ঐতিহাসিক ছাত্র-জনতার আন্দোলনে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং দিনব্যাপী নানা অর্থবহ কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জেলা প্রশাসন ও স্থানীয় সর্বস্তরের মানুষ।
বুধবার (৫আগস্ট) সকাল ৯টায় সাতক্ষীরার ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিনের আনুষ্ঠানিকতা শুরু হয়। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক কাউসার আজিজের নেতৃত্বে শহীদদের স্মরণে প্রথম শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়।
এর পরপরই একে একে পুষ্পস্তবক অর্পণ করে জেলা পুলিশ, জেলা পরিষদ, জেলা বিএনপি, জামায়াত ইসলামী, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিবৃন্দ এবং সাধারণ ছাত্র-জনতা। পুষ্পস্তবক অর্পণকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সুশৃঙ্খল সদস্য ও বিএনসিসি ক্যাডেটদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

শ্রদ্ধাঞ্জলি পর্ব শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও উপস্থিত ছাত্র-জনতা স্বৈরাচারবিরোধী নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন।
দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন, সাতক্ষীরা দিনব্যাপী বিস্তৃত কর্মসূচির আয়োজন করেছে। সূচি অনুযায়ী গৃহীত অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে:
বিশেষ প্রার্থনা:
জেলার সকল মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা।
সংবর্ধনা ও আলোচনা সভা:
সকাল ১০:৩০ টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদ পরিবার ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং স্মৃতিচারণ ও আলোচনা সভা।
বিনোদনের বিশেষ ব্যবস্থা:
শহরের সিনেমা হলগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা টিকেটে আন্দোলন নির্ভর চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী। পাশাপাশি ডিসি ইকোপার্ক ও মোজাফফর গার্ডেনসহ বিভিন্ন বিনোদনকেন্দ্রে শিশুদের জন্য বিনামূল্যে প্রবেশের ব্যবস্থা করা হয়েছে।
উন্নতমানের খাবার পরিবেশন:
সরকারি হাসপাতাল, জেলা কারাগার, শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমগুলোতে রোগীদের ও বাসিন্দাদের জন্য আয়োজন করা হয়েছে উন্নতমানের প্রীতিভোজ।
সাজসজ্জা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা:
শহরের প্রধান প্রধান সড়কসমূহ জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও রঙিন নিশানে সজ্জিত করা হয়েছে। এছাড়া জেলা শিল্পকলা একাডেমিতে শিক্ষার্থীদের অংশগ্রহণে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আব্দুল মোমিন/এএস



