রাঙামাটি: রাঙামাটির মানিকছড়িতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
রোববার (১৬ আগস্ট) ভোরে রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি সেনাক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মেঘরানী চাকমা, শান্তনা চাকমা, শোভা চাকমা ও শান্তি রঞ্জন চাকমা। তাদের মধ্যে ৩ জনের মরদেহ রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। তাদের মধ্যে গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রাম পাঠানো হয়েছে।
রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর জানান, সড়ক দুর্ঘটনায় মোট ৬ জনকে হাসপাতালে আনা হয় যাদের মধ্যে ৩ জন মৃত ছিলেন।
তিনি আরও বলেন, ১ জন গুরুতর আহতকে চট্টগ্রামে রেফার করেছি আমরা। অন্য ২ জন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
রাঙ্গামাটি কোতোয়ালি থানার উপ পরিদর্শক মো. তোফাজ্জল হোসেন বলেন, আমরা সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করছি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনার মূল কারণ খতিয়ে দেখছে পুলিশ।
আরএম/এএস



