ঢাকা: যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাবে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত তেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স তাদের প্রতিবেদনে জানিয়েছে, বুধবার আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯৯ দশমিক ৪৯ ডলারে।
প্রায় একই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্যাটাগরির অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯৪ দশমিক ৬৩ ডলারে গিয়ে ঠেকেছে।

সম্প্রতি ইরানি হামলার চেষ্টার জবাবে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের পাঁচটি তেলবাহী ট্যাঙ্কার ধ্বংস করার পর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
দীর্ঘ সাত মাসে গড়ানো এই সামরিক উত্তেজনার ফলে আন্তর্জাতিক নৌপথে চলাচলকারী ট্যাঙ্কার ও জাহাজগুলোর ওপর হামলা ক্রমশ বাড়ছে।
রয়টার্স তাদের এক বিশ্লেষণে উল্লেখ করেছে, কৌশলগত হরমুজ প্রণালী দিয়ে এখনও একটি নির্দিষ্ট পরিমাণ তেল পরিবহন সচল রাখা সম্ভব হয়েছে এবং বিকল্প রপ্তানি রুট ব্যবহারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে বিশ্ববাজারে দাম এখনও ১০০ ডলারের মনস্তাত্ত্বিক সীমা পেরোয়নি।
আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে তেলের দাম দ্রুতই ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যেতে পারে বলে বাজারে উদ্বেগ তৈরি হয়েছে।
জেএফজে



