রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর

ঢাকা: মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার তিন সপ্তাহর মাথায় ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন কমিশন জানিয়েছে, আগামী ২৯ অক্টোবর এ উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। ইসি তফসিল চূড়ান্ত করার পর ইসি সচিব আখতার আহমেদ তফসিল ঘোষণা করেন।

তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২৭ সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ২৯ সেপ্টেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৭ অক্টোবর। প্রতীক বরাদ্দ ৮ অক্টোবর এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৯ অক্টোবর।

ব্রিফিংয়ে ইসি সচিব বলেন, উপনির্বাচনে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে। রিটার্নিং কর্মকর্তা করা হয়েছে ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তাকে, আর তিনজন সহকারী রিটার্নিং অফিসার থাকবে।

গত ২০ অগাস্ট জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচিত হন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির এ প্রার্থী পরদিন শপথ নিলে আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংবিধানের ৫০ (৪) অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি তাঁহার কার্যভারকালে সংসদ-সদস্য নির্বাচিত হইবার যোগ্য হইবেন না, এবং কোন সংসদ-সদস্য রাষ্ট্রপতি নির্বাচিত হইলে রাষ্ট্রপতিরূপে তাঁহার কার্যভার গ্রহণের দিনে সংসদে তাঁহার আসন শূন্য হইবে।

আর সংবিধানের ১২৩ (৪) অনুচ্ছেদ মোতাবেক সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে ৯০ দিনের মধ্যে উপ নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে উপ নির্বাচনের তফসিল দিল নির্বাচন কমিশন।

পিএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন