রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

চুয়াডাঙ্গায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গায় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার পুলিশ কর্মকর্তা মোঃ হোসেন আলীর বিরুদ্ধে জোরপূর্বক বসতবাড়িতে প্রবেশ করে হুমকি-ধমকি, অশালীন আচরণ এবং পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ডালিয়ারা পারভীন শিলা (৪৬) নামে এক নারী।

শনিবার (১২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডালিয়ারা পারভীন শিলা বলেন, গত ১০ সেপ্টেম্বর বিকেল আনুমানিক ৩টার দিকে তার জা (মৃত ভাসুরের স্ত্রী) সুবর্ণা মুস্তারী রূপা, রূপার স্বামী মোঃ রিংকু, মোঃ কবির, মোস্তফাসহ কয়েকজন এবং অজ্ঞাতনামা আরও ২০-২৫ জন ব্যক্তি আলমডাঙ্গা থানার পুলিশ কর্মকর্তা মোঃ হোসেন আলীসহ কয়েকজন পুলিশ সদস্যকে সঙ্গে নিয়ে তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় তার, তার স্বামী ও ছোট মেয়েকে হুমকি-ধমকি দেয়।

তিনি অভিযোগ করেন, একপর্যায়ে পুলিশের উপস্থিতিতে তারা যে ভবনে বসবাস করেন, সেই ভবনের মূল গেটে তালা লাগিয়ে পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়। জমি সংক্রান্ত বিরোধ নিয়ে আলমডাঙ্গা সিভিল জজ আদালতে তাদের মধ্যে দেওয়ানি মামলা চলমান রয়েছে। বিষয়টি মোঃ হোসেন আলীকে জানানো হলেও তিনি তার স্বামীর শার্টের কলার ধরে গালিগালাজ করেন এবং তাকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেন বলে অভিযোগ করেন। এ সময় তার সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, জমি নিয়ে বিরোধের বিষয়টি জানা থাকা সত্ত্বেও পুলিশ কর্মকর্তা তার পরিবারের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছেন। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তিনি।

ডালিয়ারা পারভীন শিলা বলেন, তার ও পরিবারের সদস্যদের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রতিকার না হলে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করবেন। আগামী সাত দিনের মধ্যে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে পুনরায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানানোর কথাও বলেন তিনি।

এদিকে, এ অভিযোগের বিষয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ কর্মকর্তা মোঃ হোসেন আলীর বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও ঘটনার প্রকৃত পরিস্থিতি তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব হবে।

সিপি/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন