সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ || ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি

৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক

৪৪০ বস্তা টিএসপি সারসহ ট্রাক আটক

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ৪৪০ বস্তা টিএসপি সার বহনকারী একটি ট্রাক আটক করেছে স্থানীয়রা। তাদের অভিযোগ সরকারি বরাদ্দের এ সার অন্য জায়গায় সরিয়ে নেওয়া হচ্ছিল। খবর পেয়ে হাপানিয়া ক্যাম্পের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাক ও সার ক্যাম্পে নিয়ে যায়।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলা বাজার এলাকায় ট্রাকটি আটক করা হয়।

স্থানীয়রা জানান, সার পরিবহনের সময় ট্রাকের চালকের কাছে থাকা কাগজপত্র নিয়ে সন্দেহ দেখা দিলে তারা ট্রাকটি আটকে দেন। ট্রাকে থাকা চালানে টিএসপি সার ও পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল।

তাদের দাবী, তবে ওই চালানের তথ্যের সঙ্গে ট্রাকে থাকা সার, নির্ধারিত গন্তব্য এবং সংশ্লিষ্টদের দেওয়া তথ্যের অসঙ্গতি পাওয়া যায়।

জানা গেছে, আটক ৪৪০ বস্তা সার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের।

এ বিষয়ে মিনারুল ইসলাম বলেন, ‌‘নওয়াপাড়া থেকে সারগুলো ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী পর্যাপ্ত সার সরবরাহ করা সম্ভব হচ্ছিল না। এজন্য বাইরে থেকে সার সংগ্রহ করে আনা হচ্ছিল।’

তবে স্থানীয়দের অভিযোগ, মিনারুলের গোডাউনে আগেও অনুমোদিত পরিমাণের চেয়ে বেশি সার মজুতের ঘটনা ঘটেছে। এর আগে উপজেলা কৃষি অফিস তার গোডাউন থেকে বিপুল পরিমাণ সার উদ্ধার করেছিল। ওই গোডাউন থেকে জেলার বাইরে বিভিন্ন এলাকায় সার পাঠানো হয়।

এ প্রসঙ্গে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, অভিযুক্ত মিনারুল ইসলাম, ট্রাকচালক এবং জব্দ করা সার পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। বিস্তারিত পরে জানানো হবে।

এইচএম/জেএন

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন