এশিয়ান গেমসের নারী ক্রিকেটে ১ বল না খেলেই সেমিফাইনালে পৌঁছে গিয়েছে বাংলাদেশ নারী দল। জাপানের নাগোয়ায় কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হওয়ার কথা ছিল টাইগ্রেসদের। তবে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকেই টানা বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে সরাসরি শেষ চারের টিকিট পায় বাংলাদেশ।
নিশিনের কোরিগি অ্যাথলেটিক পার্কে টুর্নামেন্টের প্রথম দিনেই নির্ধারিত স্থানীয় সময় সকাল ৯টায় ম্যাচ শুরু করার কথা থাকলেও বৃষ্টির তোপে মাঠ খেলা উপযোগী করা সম্ভব হয়নি। নিয়মানুযায়ী ২০ ওভারের ম্যাচ আয়োজন সম্ভব না হলে সুপার ওভারের মাধ্যমে বিজয়ী নির্ধারণের চেষ্টা থাকার কথা ছিল। তবে বৃষ্টি না থামায় তাও সম্ভব হয়নি। ফলে দুই দলের আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংকে বিবেচনায় নেওয়া হয়।
বর্তমানে বাংলাদেশের মেয়েদের র্যাঙ্কিং ১০, অন্যদিকে চীনের অবস্থান ৩৭ নম্বরে। র্যাঙ্কিংয়ের এই বিশাল ব্যবধানে এগিয়ে থাকার সুবিধা কাজে লাগিয়েই কোনো বল না খেলে এশিয়ান গেমসের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ওঠার লড়াইয়ে টাইগ্রেসদের সম্ভাব্য প্রতিপক্ষ এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত। শুক্রবার ভারত-জাপান কোয়ার্টার ফাইনালে যে ভারত নিরঙ্কুশ ফেবারিট, সেটি না বললেও চলে।

জেএন



