, || ||

ভয় দেখিয়ে ট্রাক্টর চালকের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিলেন কথিত সাংবাদিক জসিম

ভয় দেখিয়ে ট্রাক্টর চালকের কাছ থেকে নেয়া টাকা ফেরত দিলেন কথিত সাংবাদিক জসিম

চুয়াডাঙ্গার দর্শনায় কৃষিকাজে ব্যবহৃত মাটিবাহী গাড়ির চালক সুনামিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগে সংবাদ প্রকাশের পর সেই টাকা ফেরত দিয়েছেন বলে জানিয়েছেন ভুক্তভোগী সুনামিয়া।

গতকাল শনবার (১০ অক্টোবর) রাতে তার বাড়িতে গিয়ে অন্য এক ব্যক্তির মাধ্যমে টাকা ফেরত দেওয়া হয় বলে অভিযোগকারী পক্ষের বক্তব্যে উঠে এসেছে। তবে টাকা ফেরত দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুরো বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

এর আগে, গত ৯ অক্টোবর দর্শনা পরানপুর গ্রামের জসিম নামের এক ব্যক্তির বিরুদ্ধে সাংবাদিকতার পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে সুনামিয়ার কাছ থেকে ১ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগ ওঠে।

সুনামিয়ার অভিযোগ ছিল, গাড়ির সিগন্যাল বাতি নষ্ট থাকায় হাতের ইশারায় মোড় নিয়ে গ্যারেজে যাওয়ার সময় তার গাড়ি থামিয়ে লাইসেন্স ও রেজিস্ট্রেশন নিয়ে প্রশ্ন তোলা হয়। একপর্যায়ে পুলিশে দেওয়ার ভয় দেখানো এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশের ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন। পরে মধ্যস্থতার মাধ্যমে তাকে ১ হাজার ৫০০ টাকা দিতে হয়।

ঘটনাটি নিয়ে প্রকাশিত সংবাদের পর সুনামিয়ার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের যোগাযোগ হয় বলে জানা গেছে।

অডিও কথোপকথনে সুনামিয়ার বক্তব্য অনুযায়ী, টাকা ফেরত দেওয়ার সময় অভিযুক্ত ব্যক্তি সরাসরি তার সামনে আসেননি, অন্য একজনের মাধ্যমে টাকা পৌছে দেওয়া হয়।

তিনি বলেন, টাকা ফেরত দেওয়ার সময় তিনি তা নিতে চাননি। তবে তাকে টাকা নিয়ে নেওয়ার জন্য বলা হয় এবং একপর্যায়ে তার হাতে টাকা গুজে দেওয়া হয় বলে জানান তিনি।

সুনামিয়ার বক্তব্যে আরও উঠে এসেছে, ঘটনার দিন গাড়ির কাগজপত্র নিয়ে প্রশ্ন তোলা, পুলিশে দেওয়ার কথা বলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও প্রকাশের পর তিনি বিব্রতকর পরিস্থিতিতে পড়েন।

তার ভাষ্য, বিষয়টি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মানুষ তাকে এ নিয়ে প্রশ্ন করছেন। এতে তিনি সামাজিকভাবে অপমানিত বোধ করছেন বলেও জানান।

অডিও কথোপকথনে সুনামিয়া আরও দাবি করেন, ঘটনার সময় গাড়ি থানায় নেওয়া বা পুলিশি ঝামেলায় পড়ার আশঙ্কা দেখানো হয়েছিল। পরে তার পক্ষ থেকে পরিচিত ব্যক্তিদের মাধ্যমে যোগাযোগ করা হয় এবং সেই প্রক্রিয়ায় ১ হাজার ৫০০ টাকা দেওয়া হয়।

তবে টাকা ফেরত দেওয়ার ঘটনা ঘটলেও তার ভাষ্য অনুযায়ী, সামাজিকভাবে যে বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা নিয়ে তার ক্ষোভ রয়ে গেছে।

অন্যদিকে, এর আগে জসিম তার বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করে বলেন, মাটিবাহী গাড়িটি হঠাৎ ডান দিকে মোড় নেওয়ায় তিনি দুর্ঘটনার আশঙ্কায় পড়েছিলেন। সে কারণেই চালকের কাছে গাড়ির লাইসেন্স ও রেজিস্ট্রেশন সম্পর্কে জানতে চেয়েছিলেন। তিনি টাকা নেওয়ার অভিযোগকে মিথ্যা বলেও দাবি করেন।

জসিম কথোপকথনে স্বীকার করেছিলেন, গাড়ির লাইসেন্স বা রেজিস্ট্রেশন যাচাই করার দায়িত্ব তার নেই। তবে টাকা নেয়ার ব্যাপারে তিনি অস্বীকার করেন।

দর্শনা থানার ওসি নজরুল ইসলাম এর আগে জানিয়েছিলেন, সড়কে যানবাহনের কাগজপত্র যাচাইয়ের দায়িত্ব সংশ্লিষ্ট সরকারি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। সংশ্লিষ্টতা বা আইনগত এখতিয়ার না থাকলে অন্য কোনো ব্যক্তি এ ধরনের যাচাই করতে পারেন না।

এমএস/এএস

শেয়ার করুন

এখনই

আরো পড়ুন