মেহেরপুরে পৃথক তিনতি বাড়ির পাশ থেকে তিনটি ককটেল সদৃশ বস্তু ও ‘জয় বাংলা’ স্লোগান লেখা একটি চিরকুট উদ্ধার করেছে পুলিশ। বুধবার(১১ নভেম্বর) ভোরে সদর উপজেলার গোভীপুর উত্তরপাড়া থেকে এসব উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, গোভীপুর উত্তরপাড়ার মোজাহার হোসেনের ছেলে খোকনের বাড়ির পাশে একটি, আবুল কাশেমের ছেলে রুহুল আমীনের বাড়ির পাশে একটি এবং আয়োব নবীর ছেলে মিজানুর রহমানের বাড়ির পাশে একটিসহ মোট ৩টি ককটেল সদৃশ বস্তু পড়ে থাকতে দেখেন।
তারা জানান, লাল রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো বস্তুগুলো দেখতে পেয়ে প্রথমে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তিনটি বস্তু উদ্ধার করে। এ সময় সাদা কাগজে ‘জয় বাংলা’ স্লোগান লেখা একটি চিরকুটও পাওয়া যায়।

মেহেরপুর সদর থানার ওসি হুমায়ূন কবির জানান, খবর পেয়ে সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ককটেল সদৃশ বস্তু তিনটি উদ্ধার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
এমপি



